টুইটারেও দাপাচ্ছেন মোদি-সুষমারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোদি-হাওয়া শুধু ভারতের রাজনৈতিক ক্ষেত্রেই বইছে না, বইছে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম টুইটারেও। অনুসারীর সংখ্যায় টুইটারেও এগিয়ে আছেন প্রধানমন্ত্রী ও বিজেপির নেতা নরেন্দ্র মোদি। তাঁর অনুসারীর সংখ্যা ৮১ লাখ ৮০ হাজার।

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় টুইটারে মন্ত্রীদের অনুসারীর (ফলোয়ার) সংখ্যাসংবলিত একটি তালিকা করেছে। সেই তালিকার ভিত্তিতে আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়। মন্ত্রীদের কাউন্সিলে এ সপ্তাহে তালিকাটি প্রকাশ করা হতে পারে।

অনুসারীর দিক থেকে প্রধানমন্ত্রী মোদির পরেই আছেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তাঁর অনুসারীর সংখ্যা ১৪ লাখ ৪০ হাজার। ৬ লাখ ৫২ হাজার অনুসারী নিয়ে তৃতীয় অবস্থানে আছেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি।

এই তালিকার মাধ্যমে মাইক্রোব্লগিংয়ে বিজেপির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের জনপ্রিয়তা কেমন, তার একটি ধারণা পাওয়া যায়। এ বছরের শুরুর দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কর্মশালার আয়োজন করেছিল। সেখানে মন্ত্রী ও কর্মকর্তাদের টুইটার, ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে কীভাবে জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায়, তার কিছু কৌশল দেখানো হয়েছিল। এ ছাড়া ডিজিটাল গণতন্ত্রের যুগে মন্ত্রীদের টুইটিং করা বা অন্য তথ্য প্রদানের সময় সঠিক ভাষা ব্যবহার করতে এবং তরুণদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরামর্শও দেওয়া হয় ওই কর্মশালায়।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদেকার বলেন, ‘আমরা এই তালিকা মন্ত্রীদের দেব। এর মাধ্যমে মন্ত্রীরা তাঁদের কর্মকাণ্ডের ব্যাপারে ধারণা পাবেন।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্যমতে, ভারতের প্রায় ২০ কোটি ৫০ লাখ মানুষ অনলাইন ব্যবহার করেন। ১১ কোটি ভারতীয় মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন। ফেসবুক ব্যবহার করেন ১০ কোটি ভারতীয় নাগরিক। দেশটিতে চার কোটি টুইটার ব্যবহারকারী রয়েছেন। ১৫ থেকে ৩৪ বছর বয়সী নাগরিকদের মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা ৭৭ শতাংশ।