টুজি তদন্ত থেকে বাদ সিবিআই ডিজি রঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেন টুজি স্পেকট্রাম কেলেঙ্কারির তদন্তের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না সিবিআইয়ের মহাপরিচালক (ডিজি) রঞ্জিত সিনহা। অভিযোগ আছে, অভিযুক্ত ব্যক্তিদের কাউকে কাউকে আড়াল করতে চাইছেন তিনি। সুপ্রিম কোর্ট গতকাল বৃহস্পতিবার সেই অভিযোগ বিশ্বাসযোগ্য বলে মনে করে এ নির্দেশ দিয়েছেন।
কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) যে দলটি মোবাইল ফোনের তরঙ্গদৈর্ঘ্য বরাদ্দে অনিয়মের তদন্ত চালাচ্ছে, সেই দলের শীর্ষ কর্মকর্তা এবার দায়িত্ব নেবেন।
রঞ্জিত সিনহার অবসর নিতে বাকি আর মাত্র ১২ দিন। ২ ডিসেম্বর তিনি অবসর নেবেন। এর ঠিক আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এইচ এল দাত্তুর ডিভিশন বেঞ্চের এই নির্দেশ নিঃসন্দেহে তাঁর জন্য একটা বড় ধাক্কা।
বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদের খুব ঘনিষ্ঠ এই আইপিএস অফিসারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটা হলো তিনি তাঁর সংস্থার তদন্তকেই বানচাল করতে চাইছিলেন। স্পেকট্রাম কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাউকে কাউকে বাঁচাতে তিনি নিজের বাড়িতে তাঁদের নিয়ে বৈঠকও করেছেন। এ-সংক্রান্ত যেসব নথি সর্বোচ্চ আদালতে পেশ করা হয়, বিচারপতিদের তা ‘বিশ্বাসযোগ্য তথ্য’ বলে মনে হয়েছে। প্রধান বিচারপতি এইচ এল দাত্তু তাই সিবিআই ডিজিকে এই তদন্ত থেকে সরে দাঁড়াতে বলেন। প্রধান বিচারপতি বলেন, ‘সিবিআইয়ের সম্মানের জন্যই আমরা বিস্তারিত প্রতিবেদন দিচ্ছি না। তাতে এ প্রতিষ্ঠানের বদনাম হতো।’
কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকার সময় বিনা টেন্ডারে স্পেকট্রাম বিলি করা হয়েছিল। নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী এতে রাষ্ট্রের আর্থিক ক্ষতির অঙ্ক ছিল এক কোটি ৭৬ লাখ কোটি রুপি। তখনকার টেলিকমমন্ত্রী ডিএমকে দলের এ রাজাকে এ জন্য বহুদিন কুখ্যাত তিহার জেলে থাকতে হয়। ২০১০ সাল থেকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার যেসব কেলেঙ্কারির জন্য নড়বড়ে হয়ে পড়ে, এই টুজি স্পেকট্রাম সেগুলোর অন্যতম। ওই বছর থেকেই সুপ্রিম কোর্টের নজরদারিতে এ মামলা চলছে। আম আদমি পার্টির নেতা ও জ্যেষ্ঠ আইনজীবী প্রশান্ত ভূষণ গত সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের কাছে একটি ‘ভিজিটর্স বুক’ জমা দেন, যাতে দেখা যায়, বেশ কয়েকজন অভিযুক্ত রঞ্জিত সিনহার বাড়ি গিয়েছেন তাঁর সঙ্গে বৈঠক করতে।
সুপ্রিম কোর্টের নির্দেশের প্রায় সঙ্গে সঙ্গেই রঞ্জিত সিনহার ইস্তফা দাবি করেছেন বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী এবং সিবিআইয়ের সাবেক প্রধান কার্তিকেয়ন। সারদা কেলেঙ্কারিতে সিবিআইয়ের তদন্ত নিয়ে জেরবার তৃণমূল কংগ্রেসও সিবিআইয়ের সমালোচনায় মুখর হয়েছে।