টেন্ডুলকার-রেখার রাজ্যসভার সদস্যপদ বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১২ সালের আগস্টে নয়াদিল্লিতে শচীন ও রেখা। ছবি: এএফপি
২০১২ সালের আগস্টে নয়াদিল্লিতে শচীন ও রেখা। ছবি: এএফপি

সেলিব্রেটি হলে সাত খুন মাপ হওয়ার দিন হয়তো শেষ হতে চলেছে। গতকাল বৃহস্পতিবার দাবি ওঠে অভিনেতা সাইফ আলী খানের পদ্মশ্রী খেতাব কেড়ে নেওয়ার। কারণ, তিনি মারপিট করেছিলেন এবং খেতাব পাওয়ার আগেই তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ ছিল।

এদিকে আজ শুক্রবার রাজ্যসভায় সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও অভিনেত্রী রেখার বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার বহু সদস্য। সিপিআইর সদস্য পি রাজীব এই দুই মনোনীত সদস্যের ক্রমাগত অনুপস্থিতির প্রসঙ্গে সদস্য থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তবে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েন বলেন, দুই সদস্য একটানা অনুপস্থিত থাকলেও তাঁদের কেউই টানা ৬০ দিনের সময়সীমা পেরোননি। ফলে বিধি অনুযায়ী তাঁদের সদস্যপদ খারিজের দাবি বিবেচনা করার প্রশ্ন ওঠে না।

কুরিয়েন বলেন, টেন্ডুলকার একটানা ৪০ দিন এবং রেখা তাঁর চেয়ে কিছুদিন কম সভায় আসছেন না। তিনি জানান, শচীন এযাবত্ তিন দিন সভায় এসেছেন, রেখা সাত দিন। সভার নিয়ম অনুযায়ী কেউ টানা ৬০ দিন না জানিয়ে অনুপস্থিত থাকলে তাঁর সদস্যপদ খারিজ করা যেতে পারে। এ ক্ষেত্রে তার প্রয়োজন এখনো আসেনি। রাজ্যসভার সদস্যরা অবশ্য এই অনুপস্থিতি নিয়ে বেশ সরব।

কবি, গীতিকার ও স্ক্রিপ্ট লেখক জাভেদ আখতার বলেছেন, রাজ্যসভার সদস্যপদ বাড়িতে সাজিয়ে রাখার মতো কোনো ট্রফি নয়।

অভিনেতা পরেশ রাওয়াল মনে করেন, তাঁদের আরও সক্রিয় হওয়া দরকার। কংগ্রেস সদস্য রাজীব শুক্ল জানান, দুজনেই শিগগিরই হাজিরা দেবেন। কংগ্রেসের তাগিদেই শচীন ও রেখাকে রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য করা হয়েছিল।