ট্রানজিটে পণ্য পরিবহন জটিলতাকে গুরুত্ব দিতে নারাজ ভারত
বাংলাদেশের ভেতরে সড়কপথে পণ্য পরিবহনের জটিলতাকে গুরুত্ব দিতে নারাজ ভারতের ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মকর্তারা। বরং বাণিজ্যিকভাবে ট্রানজিট সুবিধা পাওয়ায় বাংলাদেশের প্রতি তাঁরা কৃতজ্ঞতাই প্রকাশ করে চলেছেন।
ত্রিপুরা সরকারের আশা, প্রথমবার আশুগঞ্জ বন্দর দিয়ে ট্রানজিট সুবিধায় মাল আনতে কিছুটা বেশি সময় লাগলেও পরবর্তী সময়ে কোনো সমস্যাই হবে না।
আগরতলা স্থলবন্দর সূত্রের খবর, ব্যবসায়ীদের মধ্যে বাংলাদেশের মধ্যে দিয়ে মাল নিয়ে আসার উৎসাহ ও কৌতূহল বাড়ছে।
প্রসঙ্গত, ৪ জুন পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে লোড হয় এই কনসাইনমেন্ট। ৭ জুন সেখান থেকে মালবাহী জাহাজ রওনা হয়ে গত বৃহস্পতিবার আশুগঞ্জে পৌঁছায় জাহাজটি। পুরো মাল কবে ত্রিপুরায় পৌঁছাবে, সেটা এখনো কেউ বলতে পারছেন না।
ভারত-বাংলাদেশ চুক্তি মেনে বাণিজ্যিকভাবে প্রথম দফায় পশ্চিমবঙ্গ থেকে ১ হাজার ৫ মেট্রিক টন লোহার রড নদীপথে আসে আশুগঞ্জে। বৃহস্পতিবার সেই মালবাহী জাহাজ আশুগঞ্জে এলেও এখনো মাল পৌঁছায়নি ত্রিপুরায়।
মাল বহনকারী ভারতীয় সংস্থা ডারসেলের ব্যবস্থাপনা পরিচালক মহাবীর সিং মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জাহাজ থেকে মাল খালাসের পর আগরতলায় সেই মাল আনতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে অচিরেই সেই সমস্যা মিটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত পাঁচটি ট্রাকে মাত্র ১০০ টন মাল ত্রিপুরায় পৌঁছেছে। লরি পেতে সমস্যা হচ্ছে বলেও তিনি স্বীকার করেন।
তবে এই জটিলতাকে গুরুত্ব দিতে নারাজ ত্রিপুরা সরকার। ত্রিপুরার গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জামাতিয়ার মতে, ভালো কাজের শুরুতে এ ধরনের সমস্যা হতেই পারে। তা ছাড়া জাতীয় সড়কের বেহাল দশায় বর্ষায় আসাম হয়ে পাহাড়ি পথে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আনা যে আরও দুঃসহ হয়ে উঠেছে, সেটাও স্মরণ করিয়ে দেন তিনি।
ত্রিপুরার খাদ্য ও পরিবহনমন্ত্রী মানিক দে মুঠোফোনে জানান, এবার তাঁরা এই পথে এলপিজির বুলেট আনার উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ছোটখাটো সমস্যা মেটাতে কোনো অসুবিধাই হবে না। বরং নীতিগতভাবে বাংলাদেশ ট্রানজিট সুবিধা দেওয়ায় সীমান্তবর্তী রাজ্যটির দুর্ভোগ কমবে বলেই তাঁর আশা।
আগরতলা স্থলবন্দরের ব্যবস্থাপক দেবাশিস নন্দীর দাবি, ট্রানজিট নিয়ে ব্যবসায়ীদের মধ্যে কৌতূহল ও উৎসাহ দুটিই বাড়ছে। তাঁর মতে, বাংলাদেশে নৌপরিবহনের খরচ অনেক কম থাকায় ব্যবসায়ীরা বেশ উপকৃতই হচ্ছেন। লোহার পর দেশের অন্য প্রান্ত থেকে বাংলাদেশ হয়ে ডাল আসতে পারে বলে তাঁর অনুমান।
বাণিজ্যিকভাবে এই ট্রানজিট সুবিধাদানের জন্য বাংলাদেশ সরকারে ধন্যবাদ জানিয়েছে ত্রিপুরা চেম্বার অব কমার্স। প্রতিষ্ঠানের সভাপতি এম এল দেবনাথ বলেন, ত্রিপুরার পাশাপাশি বাংলাদেশও এর ফলে উপকৃত হবে। তবে পরিকাঠামোর উন্নয়নে উভয় দেশকে আরও একটু যত্নবান হওয়ার পরামর্শ দেন তিনি।