ট্রাম্পের জন্মদিনে কেক কাটল হিন্দু সেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেট কাটছেন সংগঠনের নেতারা l ছবি: রয়টার্স
কেট কাটছেন সংগঠনের নেতারা l ছবি: রয়টার্স

ভারতে সাড়ম্বরে কেক কেটে ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন পালন করল দেশটির স্বল্পপরিচিত কট্টরপন্থী দল ‘হিন্দু সেনা’। রাজধানী দিল্লির যন্তর-মন্তরে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই জন্মদিন পালন করা হয়। মুসলিমবিদ্বেষী মন্তব্য করে দেশ-বিদেশে ব্যাপকভাবে সমালোচিত যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য এই প্রার্থীকে ‘মানবতার রক্ষক’ বলেও আখ্যায়িত করে হিন্দু সেনা। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে দলটির সভাপতি বিষ্ণু গুপ্ত বলেন, ট্রাম্পকে ‘নায়ক’ বলে বিবেচনা করেন বলেই তাঁর জন্মদিন পালন করা হয়েছে। তিনি দাবি করেন, কথিত ‘ইসলামি সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্ববাসীর মনের কথা’ বলেছেন ট্রাম্প। ভবিষ্যতে ট্রাম্পের সমর্থনে শোভাযাত্রাসহ একই রকম অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা দল করছে বলেও জানান হিন্দু সেনার সভাপতি। নির্বাচনে ট্রাম্পের সাফল্য কামনা করে গত মে মাসে প্রার্থনার আয়োজনও করেছিল তাঁর দল।