ট্রেন থামাতে আর নয় চেইন টানা
‘ট্রেন থামাতে চেইন টানুন’—এই কথাগুলো খুব শিগগিরই ভারতের ইতিহাসের পাতায় স্থান পেতে যাচ্ছে। কেননা অকারণে চেইন টানার কারণে ট্রেনের বিলম্বে দেশটিকে ৩ হাজার কোটি রুপির ক্ষতির মুখে পড়তে হয়েছে। ফলে তারা ট্রেন থেকে চেইন সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে।
ভারতের রেল মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া গতকাল মঙ্গলবার জানায়, উত্তর পূর্ব রেলওয়েজ ইজ্জতনগর বিভাগ এরই মধ্যে ট্রেন থেকে চেইন সরানোর কাজ শুরু করেছে। এর বদলে ট্রেনের প্রতিটি বগিতে চালক ও ও সহকারীর মোবাইল নম্বর দেওয়া থাকবে। জরুরি প্রয়োজনে যাত্রীরা তাঁদের ফোন করবেন।
উত্তর প্রদেশ রাজ্যের বেরেইল শহরে অবস্থিত উত্তর পূর্ব রেলওয়েজ ইজ্জতনগর বিভাগের জনসংযোগ কর্মকর্তা রাজেন্দ্র সিং জানান, দেশে বিভিন্ন জায়গায় ট্রেনের যেসব নতুন বগি তৈরি হচ্ছে, সেগুলোতে আর চেইন রাখা হবে না। এ নিয়ে রেলওয়ে বোর্ড একটি প্রজ্ঞাপন জারি করেছে। তিনি আরও বলেন, প্রতিটি ট্রেনে তিনটি বগির জন্য একজন করে রেল কর্মী থাকবেন। তাঁর হাতে থাকবে ওয়াকি-টকি।
সিং বলেন, এখানে গোপন করার কিছু নেই যে, অনেক যাত্রীই প্রয়োজন ছাড়া অযথাই চেইন টেনে ট্রেন থামিয়ে দেন। এটি শুধু জরুরি অবস্থায় ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। প্রায় ক্ষেত্রেই ট্রেনে থাকা যাত্রীর স্বজনদের মধ্যে কেউ ঠিক সময়ে ট্রেনে উঠতে না পারলে ট্রেনে থাকা ওই যাত্রী চেইন টেনে ধরেন।
সম্প্রতি বেরেইল শহরে এসেছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী মনোজ সিনহা। তিনি ওই সময় বলেন, উত্তর প্রদেশ ও বিহারে চেইন টেনে ট্রেন থামানোর ঘটনা ভয়াবহ আকার ধারণ করছে। এর ফলে ট্রেনের শিডিউল ভেঙে পড়ছে। বড় অঙ্কের ক্ষতি হচ্ছে রেলওয়ের।
বিভাগীয় ব্যবস্থাপক চন্দ্র মোহন জিন্দাল বলেন, অস্বীকার করার উপায়ে নেই যে ট্রেনের বিলম্ব হওয়ার কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই চেইন টানা। বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানায় এটি তীব্র।