ট্রেনে চেপে পাঞ্জাব যাত্রা রাহুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত ভূমি অধিগ্রহণ বিলের বিরোধিতায় প্রচারণা চালাতে ভারতের কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধী গতকাল মঙ্গলবার ট্রেনে চেপে পাঞ্জাব গেলেন। উদ্দেশ্য, ওই বিলের বিরোধিতায় পাঞ্জাবের কৃষকদের সমর্থন লাভ। রাহুল ওই রাজ্যে কৃষকদের বাড়িতেও থাকবেন ঠিক করেছেন।
পাঞ্জাব যাত্রার আগে নিউ দিল্লি রেলস্টেশনে রাহুল গান্ধী বলেন, ‘সরকার কৃষকদের জমি কেড়ে নিতে চলেছে। আমরা এই অন্যায় রুখব। পাঞ্জাবের কৃষকদের অবস্থা সরেজমিনে দেখতে সেই রাজ্যে যাচ্ছি।’
পাঞ্জাবকে ভারতের শস্যাগার বলা হয়। এখানে ক্ষমতায় রয়েছে বিজেপির সহযোগী শিরোমণি অকালি দল (এসএডি)। কিন্তু তারা ইতিমধ্যেই সরকারকে জানিয়েছে, যেভাবে বিলটি আনা হচ্ছে, তা তারা সমর্থন করতে পারবে না।
রাহুল ট্রেনে চেপে প্রথমে যান আম্বালা। সেখানে তিনি খান্না ও গোবিন্দগড়ের শস্য বাজারে যাবেন। রাজ্যের কৃষকদের অভিযোগ, সরকার সংগ্রহের সময় তাঁদের ফসলের ন্যায্যমূল্য দিচ্ছে না। রাহুল এই দুই বাজারের অবস্থা এবং কৃষকদের দুর্দশার ছবি নিজের চোখে দেখতে চান।
প্রায় দুই মাসের অজ্ঞাতবাস শেষে দেশে ফিরে রাহুল প্রথমে কৃষকদের বিক্ষোভ সমাবেশে ভাষণ দেন। সেখান থেকেই ঘোষিত হয় ভূমি অধিগ্রহণ বিলের সর্বাত্মক বিরোধিতা করবে কংগ্রেস।
পাঞ্জাব থেকে ফিরেই রাহুল শুরু করবেন ভূমি অধিগ্রহণ বিলের বিরোধিতায় দেশজোড়া পদযাত্রা। এই পদযাত্রা তিনি শুরু করবেন মহারাষ্ট্রের বিদর্ভ জেলা থেকে।