ট্রেনের ছাদ কেটে ৫ কোটি ৭৫ লাখ রুপি লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে একটি চলন্ত মেইল ট্রেনের ছাদ কেটে ৫ কোটি ৭৫ লাখ রুপি লুট করেছে ডাকাতেরা। গতকাল বুধবার দেশটির পুলিশ এ কথা জানিয়েছে।
সালেম থেকে চেন্নাই ৩০০ কিলোমিটার পথ অতিক্রমের সময় ট্রেনটিতে এই ডাকাতির ঘটনা ঘটে। চেন্নাই শহরে পৌঁছার কয়েক ঘণ্টা পর ঘটনাটি বুঝতে পারে কর্তৃপক্ষ। ডাকাতেরা ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যায় বলে পুলিশ ধারণা করছে।
কর্মকর্তারা বলেছেন, একটি কামরায় ওই মেইল ট্রেনটি ভারতের কেন্দ্রীয় ব্যাংকের ৩৪০ কোটি রুপি বহন করছিল। পাশের একটি কামরায় পুলিশ পাহারায় ছিল। পুলিশের ধারণা, ছয় থেকে আটজনের একটি ডাকাত দল ট্রেনটির কামরার ছাদের চার বর্গফুট অংশ কেটে ভেতরে ঢোকে।