ঠিক পথেই চলছি: মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল ও সরকার ঠিক পথেই এগিয়ে চলেছে, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শনিবার রাজধানীতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে এই দাবি করে তিনি বলেন, প্রথম ৬০ দিনের কাজকর্মেই বোঝা যাচ্ছে, সরকার ঠিক পথেই এগিয়ে চলেছে।এই ৬০ দিনের প্রতিটি পদক্ষেপ ইতিবাচক।
ভোটের পর বিজেপির কর্মসমিতির এটাই ছিল প্রথম বৈঠক। দলের গঠনতন্ত্র অনুযায়ী এই বৈঠকেই নতুন সভাপতির নির্বাচনকে অনুমোদন দেওয়া হয়। সেই অনুমোদনের পর সভাপতি অমিত শাহ তাঁর ভাষণে বুঝিয়ে দেন, চলতি বছরে যে রাজ্যগুলোতে বিধানসভার ভোট রয়েছে, সেই জম্মু-কাশ্মীর, ঝাড়খন্ড, হরিয়ানা ও মহারাষ্ট্রে সরকার গঠন করা তাঁর প্রাথমিক লক্ষ্য। আর মূল লক্ষ্য, দেশের সব রাজ্যেই বিজেপির একার ক্ষমতায় সরকার গঠন।
নরেন্দ্র মোদি যদি রাম হন, অমিত শাহর পরিচয় তা হলে রামভক্ত হনুমান। বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষমতা দখলের পর মোদি এবার দেশের অন্য রাজ্যগুলো দখলের জন্য বেছে নিয়েছেন গুজরাটের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই। প্রধানত অমিত শাহর পরিচালন ক্ষমতার জোরেই বিজেপি গত নির্বাচনে উত্তর প্রদেশে ৮০টির মধ্যে ৭৩টি আসন জেতে। গতকাল মোদি তাঁর ভাষণে আরও বলেন, কংগ্রেসের শাসনকে লোকে মনে রাখবে দুর্নীতির কারণে। সেই কংগ্রেসকে সরিয়ে বিজেপির যে দলটা জয়ী হলো, তার অধিনায়ক ছিলেন রাজনাথ সিং, অমিত শাহ ছিলেন ম্যান অব দ্য ম্যাচ।
বৈঠকে প্রবীণ লালকৃষ্ণ আদভানি, রাজনাথ সিং, অরুণ জেটলিসহ দলের সব শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। পাশাপাশি ছিলেন সারা দেশের কর্মসমিতির সদস্যরা। তাঁদের উদ্দেশে অমিত শাহ বলেন, ‘দলের শাখা-প্রশাখা সব রাজ্যে ছড়িয়ে দিতে না পারলে আমরা বেশি দিন ক্ষমতায় থাকতে পারব না।’