
ভারতের বিরোধী কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধী সরকারের বিরুদ্ধে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি লোকসভায় বলেন, ‘আপনাদের যত খুশি মিথ্যা প্রতিশ্রুতি দিন, তবে একটি তারিখ বলুন, কবে ডালের দাম কমবে।’
পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের নবম দিন ছিল গতকাল। এ দিন উচ্চকক্ষ রাজ্যসভায় দ্রব্যমূল্য নিয়ে উত্তপ্ত আলোচনা হয়। এর রেশ গিয়ে পড়ে নিম্নকক্ষ লোকসভাতে। সেখানে রাহুল বলেন, ‘দেশের গরিব মানুষের কথা ভুলবেন না।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ভারতের একটি বড় বিষয়। কিন্তু এখন যখন জিনিসপত্রের দাম আকাশছোঁয়া, তখন আপনি চুপ কেন?’
রাহুল গান্ধী আরও বলেন, প্রধানমন্ত্রী মোদি তাঁর ঘোষিত কর্মসূচি ‘স্টার্ট আপ ইন্ডিয়া’ বা ‘মেক ইন ইন্ডিয়া’ নিয়ে মিথ্যে দাবি করতে পারেন। তবে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মিথ্যে বলতে পারবেন না।
কংগ্রেস সহসভাপতি লোকসভার স্পিকারের উদ্দেশে বলেন, ‘আপনাকে তো বাজার করতে হয় না।’ এর জবাবে সরকারি দলের কয়েকজন সাংসদ দাঁড়িয়ে রাহুলের উদ্দেশে বলেন, ‘আপনি সর্বশেষ কবে নিজের জন্য বাজার করেছেন?’