ডায়াবেটিস রোগীদের উপযোগী ধানের জাত শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই হয়তো এমন দিন আসছে যখন ভাত খাওয়ার ব্যাপারে চিকিৎসকেরা ডায়াবেটিক রোগীদের আর নিষেধ করবেন না। কারণ, ভারতের ছত্তিশগড় রাজ্যের একদল গবেষক ডায়াবেটিক রোগীদের জন্য উপযোগী উচ্চফলনশীল জাতের একটি ধান শনাক্ত করেছেন। খবর পিটিআইর।
ছত্তিশগড়ের রায়পুরের ইন্দিরা গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয়ে (আইজিএইউ) নতুন শনাক্ত হওয়া ধানটির গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) কম। কোন খাবার মানুষের রক্তে শর্করার ওপর কী প্রভাব ফেলে, তা জিআইয়ের সাহায্যে পরিমাপ করা হয়। গবেষকেরা বলছেন, নতুন জাতের ওই চালের ভাত ডায়াবেটিক রোগীদের জন্য যেমন নিরাপদ হবে, তেমনি অন্যদেরও এই রোগের ঝুঁকি কমাবে। সবার জন্যই এটি স্বাস্থ্যকর হবে।
ধানটি শনাক্ত করার গবেষণায় নেতৃত্ব দেন আইজিএইউ-এর প্ল্যান্ট মলিকিউলার অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক গিরিশ চান্ডেল।
অধ্যাপক চান্ডেল বলেন, ডায়াবেটিক রোগীদের জন্য উপযোগী একটি ধানের জাত উদ্ভাবনের জন্য তাঁরা কয়েক বছর ধরে চেষ্টা করছিলেন।
অবশেষে ছত্তিশগড়ের ‘চাপাতি গুরমাটিয়া’ শ্রেণির ধানের মধ্যে এর সন্ধান পেয়েছেন।