ডিজেল ট্যাক্সি সমস্যা নিরসনে বিকল্প প্রস্তাব চাইলেন আদালত
দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে (এনসিআর) ডিজেল ট্যাক্সিচালকদের পথ অবরোধ আন্দোলন আজ মঙ্গলবারও জারি ছিল। প্রায় ৩৫ হাজার ডিজেল ট্যাক্সিচালকের দাবি, বিকল্প ব্যবস্থা না করে রাজধানীতে ডিজেল ট্যাক্সি নিষিদ্ধ ঘোষণা করা চলবে না। রাজ্য সরকার এই পরিস্থিতিতে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। সর্বোচ্চ আদালত তাঁদের আজকের মধ্যেই বিকল্প প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেন। আগামীকাল বুধবার সুপ্রিম কোর্ট সেই প্রস্তাব বিবেচনা করবেন।
দিল্লিকে দূষণমুক্ত করতে যান চলাচলের ওপর একগাদা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জোড়-বিজোড় তারই একটা অংশ। সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই ১৫ বছরের পুরোনো গাড়ি রাস্তায় চলতে পারবে না। ২০০০ সিসি ও তার চেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন ডিজেল প্রাইভেট গাড়ি নিষিদ্ধ করা হয়েছে। শহরে ট্রাক চলাচলেও নিয়ন্ত্রণ আনা হয়েছে। চালু হয়েছে গ্রিন ট্যাক্স। সুপ্রিম কোর্টের আরও নির্দেশ ছিল, ডিজেল ও পেট্রল চালিত সব ট্যাক্সিকে গ্যাস চালিত করে ফেলতে হবে। না হলে ১ মে থেকে তাদের রাস্তায় নামা নিষিদ্ধ।
ট্যাক্সিচালকদের অবরোধ আন্দোলন এই রায়ের বিরুদ্ধেই। চালক ও মালিকদের অভিযোগ, পেট্রল গাড়িকে সিএনজিতে রূপান্তর করা গেলেও ডিজেল গাড়িকে তা করা সম্ভব নয়। এই নির্দেশের ফলে ৩৫ হাজার চালককে পথে বসতে হবে। এ অবস্থায় রাজ্য সরকার আজ সুপ্রিম কোর্টে বিশেষ আবেদন জানায়। বলা হয়, সরকার দূষণ কমাতে দায়বদ্ধ। কিন্তু একটা মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। ফলে আইনশৃঙ্খলাজনিত সমস্যারও সৃষ্টি হচ্ছে। অবরোধ আন্দোলনের ফলে মানুষের ভোগান্তিও বাড়ছে। অতএব আদালত পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা জারির বিষয়টি বিবেচনা করে দেখা হোক।
প্রধান বিচারপতি টি এস ঠাকুর বলেন, ‘আমরাও চাই না মানবিক সমস্যা সৃষ্টি করতে। কিন্তু যখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, প্রাথমিকভাবে কিছু সমস্যার সৃষ্টি হয়।’ প্রধান বিচারপতি সরকারকে বিকেলের মধ্যে তার পরিকল্পনা জমা দিতে বলেন। সেই পরিকল্পনা কাল বুধবার সর্বোচ্চ আদালতে বিবেচিত হবে।