ডেঙ্গুতে নাজেহাল দিল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লিতে গতকাল শুক্রবার রাত ও আজ শনিবার ভোরে বৃষ্টি হয়েছে। তাতেই চিন্তার ভাঁজ পড়েছে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের। কারণ, ডেঙ্গুর জীবাণুবাহী মশা পরিষ্কার জলে ডিম পাড়ে। আশঙ্কা, ডেঙ্গুতে নাজেহাল দিল্লিতে এই বৃষ্টি সমস্যা বাড়াতে পারে।

রাজধানীতে ডেঙ্গু ভয়ানক আকার নিয়েছে এই বছর। দিল্লির সব সরকারি হাসপাতাল তো বটেই, বেসরকারি হাসপাতালগুলোতেও ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ইতিমধ্যেই মারা গেছেন ২০ জন। রাজধানীর ৪৮টি বেসরকারি হাসপাতালে ৮০০টি নতুন বেড মঞ্জুর করা হয়েছে। ডেঙ্গুতে রক্তের প্লাটিলেট সংখ্যা দ্রুত মারাত্মকভাবে কমে যায়। অনেক সময় রোগ নির্ণয়ের সুযোগও তেমনভাবে পাওয়া যায় না। এ নিয়ে সমস্যাও সৃষ্টি হচ্ছে।

সম্প্রতি ১০ বছরের এক ছেলে মারা যাওয়ায় তার বাবা-মা শোকে আত্মঘাতী হন। আরও একজনকে তিন তিনটি হাসপাতাল ফিরিয়ে দেওয়ায় তার মৃত্যু হয়। একজন নিরাপত্তারক্ষী তাঁর ছেলের জন্য টাকা ধার করলেও ছেলেকে বাঁচাতে পারেননি।

দিল্লি সরকার হাসপাতালগুলোতে বেড সংখ্যা বাড়িয়ে দিয়েছে। তবু একেকটি বেডে দুই থেকে চারজন রোগী। কোনো হাসপাতাল রোগী ফেরাতে পারবে না এই নির্দেশও জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে হাসপাতাল ও নার্সিং হোমগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়েছে। ডেঙ্গুর রক্ত পরীক্ষার ফি ৬০০ টাকায় বেঁধে দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে দেখা হচ্ছে, কোনো পাত্রে পানি জমছে কি না। ধরা পড়লে জরিমানা। নিরন্তর প্রচার চালানো হচ্ছে কী করতে হবে, কী করা যাবে না।

ডেঙ্গুতে সর্বনাশ, আবার কারও কারও পৌষ মাস। আয়ুর্বেদ মতে, ছাগলের দুধ, পেঁপে গাছের পাতা, বেদানা ও ঘৃতকুমারীর রস নাকি রক্তের প্লাটিলেট সংখ্যা দ্রুত বাড়িয়ে দেয়। এই সুযোগে ছাগলের দুধ বিক্রি হচ্ছে দেড় থেকে দুই হাজার রুপি লিটার। তা-ও মিলছে না। এ নিয়ে অ্যালোপ্যাথি ও আয়ুর্বেদের মধ্যে শুরু হয়েছে তীব্র বাদানুবাদ। বাবা রামদেবও এই বিতর্কে জড়িয়ে আয়ুর্বেদের পক্ষ নিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শেষ পর্যন্ত বিরোধীদের শরণাপন্ন হয়ে ডেঙ্গু মোকাবিলায় পরামর্শ চেয়েছেন।