ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেন চলবে সপ্তাহে চার দিন
ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেন এখন থেকে সপ্তাহে তিন দিনের পরিবর্তে চার দিন চলবে। ভারতের রাজধানী দিল্লিতে দুই দেশের রেল ও পররাষ্ট্রমন্ত্রণালয় এবং অভিবাসন দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত তিন দিনব্যাপী বৈঠক শেষে গতকাল বুধবার এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বৈঠকে মৈত্রী ট্রেনকে শিগগিরই সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া যাত্রী চাপ কমাতে সপ্তাহে একদিন খুলনা-কলকাতা পথে মৈত্রী ট্রেন চালু এবং দুই দেশের অভিবাসন ও শুল্ক কার্যক্রম দর্শনা বা গেদের পরিবর্তে ঢাকার ক্যান্টনমেন্ট এবং ভারতের কলকাতায় সম্পন্ন করার সিদ্ধান্তও বৈঠকে গৃহীত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে খুলনা-কলকাতা রেল সংযোগের সম্ভাব্যতা খতিয়ে দেখতে সমীক্ষা করবে দুই দেশ।
দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল বিষয়েও কথা হয়েছে বৈঠকে। আলোচনা হয়েছে ভারতের ত্রিপুরার আগরতলা এবং বিলোনিয়ার সঙ্গে বাংলাদেশের আখাউড়া ও ফেনীর সঙ্গে পণ্য পরিবহন সংযোগ গড়ে তোলার বিষয়ে।
২০০৮ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিন থেকে মৈত্রী ট্রেন চালু হয়। তখন এই ট্রেন সার্ভিস ছিল সপ্তাতে দুই দিন। পরে গত ৪ জানুয়ারি থেকে সপ্তাহে তিন দিন করে চলাচল শুরু হয়।