ঢাকা যাচ্ছি প্রাণের টানে: মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমি বিদেশ যেতে বেশি পছন্দ করি না। কিন্তু সিঙ্গাপুর গিয়েছি অর্থের টানে, আর ঢাকা যাচ্ছি প্রাণের টানে।’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে আজ বৃহস্পতিবার কলকাতার জওহরলাল নেহরু সড়কে এম পি বিড়লা তারা মণ্ডল ভবনের উল্টোদিকে ভাষা শহীদ স্মারকের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মমতা। এ সময় তিনি এ কথা বলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ আন্দোলনের মাধ্যমে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আসনে বসিয়েছে।
কলকাতার বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরীর পরিকল্পনায় গড়ে তোলা হবে এই ভাষা শহীদ স্মারক। এক বছরের মধ্যে এর নির্মাণকাজ সম্পন্ন হবে। আগামী বছরের ২১ ফেব্রুয়ারি থেকে এখানে পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। স্বাগত ভাষণ দেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রিত অতিথি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ সন্ধ্যায় তিন দিনের সফরে বাংলাদেশ যাচ্ছেন। এ সফরকালে তিনি বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যাবেন। এ ছাড়াও তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।