তদন্তকে সরকারি ষড়যন্ত্র আখ্যা দিলেন সোনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনিয়া গান্ধী
সোনিয়া গান্ধী

মেয়ের স্বামী রবার্ট ভদ্রের লন্ডনে কথিত বাড়ি কেনার বিষয়ে সরকারের তদন্তকে ষড়যন্ত্র আখ্যায়িত করলেন কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। তিনি বলেছেন, যদি প্রমাণ থাকে তবে সরকার যেন রবার্টের বিরুদ্ধে তদন্ত করে।
গত সোমবার এনডিটিভি চ্যানেল খবর প্রকাশ করে, সোনিয়া-কন্যা প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রের জন্য লন্ডনে বেনামে বাড়ি কেনা হয়েছে। ভদ্রের জন্য জনৈক সঞ্জয় ভান্ডারির নামে ২০০৯ সালে লন্ডনে বাড়িটি কেনা হয় এমন অভিযোগ তদন্ত করছে ভারতের অর্থ মন্ত্রণালয়। ওই সঞ্জয়ের কথিত আর্থিক অনিয়মের বিরুদ্ধে এখন তদন্ত হচ্ছে। ১৯ কোটি রুপিতে কেনা বাড়িটি পরের বছর বিক্রি করে দেওয়া হয়।
সোনিয়া গান্ধী গতকাল মঙ্গলবার এই তদন্তের বিষয়ে বলেন, ‘সরকার প্রতিদিন মিথ্যা অভিযোগ আনছে। তারা তদন্ত করুক। তাতেই সত্য প্রকাশিত হবে।’ সোনিয়া বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘কংগ্রেসমুক্ত’ ভারত দেখতে চান। আর এ জন্যই এসব অভিযোগ আনা হচ্ছে।
সোমবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সঞ্জয়ের বাড়ি এবং অফিসে অভিযান চালিয়ে তদন্তকারীরা বেশ কিছু ই-মেইল ও অন্যান্য তথ্য পান। সরকারের তদন্তে বলা হচ্ছে, সঞ্জয়ের বাড়ি ও অফিস তল্লাশির সময় পাওয়া ই-মেইলে রবার্ট ভদ্র ও তাঁর নির্বাহী সহকারী মনোজ অরোরার মধ্যে বাড়ি কেনা ও এর সংস্কারকাজ নিয়ে ই-মেইল চালাচালি হয়। রবার্ট এবং অরোরার ই-মেইলগুলো পাঠানো হয়েছিল সুমিত চাড্ডা নামে রবার্ট ভদ্রের এক আত্মীয়কে। তিনি লন্ডনে থাকেন।
কংগ্রেস বলেছে, ভদ্রের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বিজেপি সরকার তাঁর এবং গান্ধী পরিবারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।