তরুণীর শ্লীলতাহানির চেষ্টা প্রযোজকের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলে বাসায় ডেকে এক তরুণীর শ্লীলতাহানির চেষ্টা করেছেন ভারতের কর্ণাটক রাজ্যের কন্নর সিনেমার এক প্রযোজক। বীরেশ নামের ওই প্রযোজককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে তরুণীর পরিবার। তবে বীরেশ এখন জামিনে মুক্ত।

আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার বেঙ্গালুরুর হুলিমাভুতে এ ঘটনা ঘটে। শ্লীলতাহানির চেষ্টার শিকার ওই তরুণী বীরেশের অফিসে কাজ করেন।

প্রতিবেদনে বলা হয়, একটি ভিডিও চিত্রে দেখা গেছে, ওই তরুণীর পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে প্রযোজক বীরেশকে মারধর করছেন। এই ভিডিও চিত্রটি স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে প্রচার করাও হয়েছে।

ওই তরুণীর অভিযোগের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ওই তরুণী অনেক দিন থেকেই প্রযোজক বীরেশের অফিসে কাজ করেন। পরবর্তী সিনেমায় তাঁকে একটি চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়া হবে—এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে তিনি ওই তরুণীকে তাঁর হুলিমাভুর ফাঁকা বাসায় ডেকে নেন। গতকাল তরুণী ওই বাসায় গেলে কথা বলার ফাঁকে তাঁকে শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের চেষ্টা করেন। এ সময় সুযোগ বুঝে তরুণী ঘর থেকে বেরিয়ে এসে বাইরে থেকে ঘরের ছিটকিনি আটকে দেন। পরে ওই তরুণী তাঁর আত্মীয়স্বজন ও বন্ধুদের ফোনে বিষয়টি জানালে তাঁরা সঙ্গে সঙ্গে ওই বাসায় গিয়ে বীরেশকে মারধর করে পুলিশে সোপর্দ করেন। মারধরের ঘটনাটি ফোনে ভিডিও করেন তরুণীর পরিবার। পরে তা একটি স্থানীয় টিভি চ্যানেলে সম্প্রচার করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, বীরেশের বিরুদ্ধে সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলে নারীদের সঙ্গে অসভ্য আচরণ করার অভিযোগ আগেও ছিল।

পুলিশের উপকমিশনার (দক্ষিণ-পূর্ব) এম বি বোরালিঙ্গাইয়া বলেন, বীরেশ ওই তরুণীর সঙ্গে অসভ্য আচরণ করার চেষ্টা করেছিলেন। তবে তরুণীটি পালাতে সক্ষম হন ও তাঁর পরিবারকে বিষয়টি জানান। ভিডিও চিত্রে দেখা গেছে, বীরেশ এ ঘটনায় ওই তরুণীর পরিবারের কাছে দুঃখ প্রকাশ করে বলেছেন, তিনি একটি ভুল করে ফেলেছেন। এরপরও তাঁকে বেদম মারধর করা হয়েছে।

এম বি বোরালিঙ্গাইয়া আরও বলেন, বাড়িতে গিয়ে মারধর করার অভিযোগে বীরেশ ওই তরুণীর পরিবারের বিরুদ্ধে একটি পাল্টা অভিযোগ দায়ের করেছেন।

বীরেশ ‘প্রীথি মায়ে হুশারু’ নামে একটি সিনেমা প্রযোজনা করেছিলেন। ২০১৪ সালে ছবিটি মুক্তি পেলেও বক্স অফিসে তা মুখ থুবড়ে পড়ে।