তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আগ্রার তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অনুসারী জঙ্গি সংগঠন ‘আহওয়াল উম্মত’। দেশটির পুলিশ গতকাল শুক্রবার বলেছে, ভারতে হামলা এবং তাজমহল উড়িয়ে দেওয়ার ওই হুমকি পাওয়ার পর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
জঙ্গিদের কর্মকাণ্ড নজরদারি করা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, আইএসের সংবাদমাধ্যম আমাক ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে গত মঙ্গলবার ‘আহওয়াল উম্মত মিডিয়া সেন্টার’-এর পোস্ট করা এক গ্রাফিকস বার্তায় তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ওই বার্তায় দেখা যায়, এক জঙ্গি দাঁড়িয়ে রয়েছে। গ্রাফিকসের ইনসেটে তাজমহলের ছবি, যার নিচে লেখা রয়েছে ‘নতুন নিশানা’।
আগ্রা পুলিশ কর্মকর্তা প্রীতেন্দর সিং বলেন, তাজমহলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাজমহলের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর তীরসহ আশপাশের এলাকায় বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড এবং সোয়াট সদস্যদের মোতায়েন করা হয়েছে।