তাজমহল নিয়ে বেফাঁস মন্তব্যের নিন্দা মমতার

পৃথিবীর ঐতিহ্যবাহী স্থাপত্য তাজমহল নিয়ে কেন্দ্রীয় সরকারের ন্যক্কারজনক ভূমিকা ও বিজেপি বিধায়কের বেফাঁস মন্তব্যে তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল সোমবার রাজ্য সচিবালয় নবান্নে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী এই নিন্দা জানান।
মুখমন্ত্রী বলেন, ‘দেশে একনায়কতন্ত্র চলছে। বিভিন্ন ধর্মের মানুষ এখানে একটি পরিবারের মতো বাস করে। সেখানে আজ বিভেদের রাজনীতি করা হচ্ছে। সচেতনভাবে দেশের ঐক্য নষ্ট করা হচ্ছে। এটা এক অন্ধকারময় সময়।’
সম্প্রতি উত্তর প্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথের রাজ্য সরকার পর্যটন বুকলেটে বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহলের নাম উল্লেখ করেনি। এ ছাড়া গত রোববার বিজেপির বিধায়ক সংগীত সোম তাজমহল নিয়ে বলেছেন, তাজমহলের নির্মাতা সম্রাট শাহজাহান বিশ্বাসঘাতক।
এসব বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আজ দেশের ঐতিহ্য ও সংস্কৃতির পরিপন্থী কাজ করছে বিজেপি। কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে কিছু বললেই সিবিআই আর ইডির ভয় দেখানো হচ্ছে। গ্রেপ্তার করার ভয় দেখানো হচ্ছে।’
উত্তর প্রদেশ সরকার ঐতিহ্যবাহী রেলস্টেশন মোগল সরাইয়ের নাম পরিবর্তন করে দীন দয়াল উপাধ্যায়ের নামে নামকরণ করায় ক্ষুব্ধ হয়েছেন মমতা। এ বিষয়ে তিনি বলেন, ‘ভারতবর্ষ বহুজাতির, বহু ভাষার ও বহু ধর্মের দেশ। ওরা ইতিহাস মুছে ফেলতে চায়। দেশের নামও পরিবর্তন করে ফেলবে। তাই আমি এ সিদ্ধান্তের নিন্দা জানাই।’
মুখ্যমন্ত্রী বলেন, ‘কোনো স্থাপত্য বা হেরিটেজ কখনো বিশেষ ধর্মের হতে পারে না। সবার কাছেই তাজমহল প্রিয়। এ কারণে বহু বছর আগে ইউনেসকো তাজমহলকে হেরিটেজের তকমা দিয়েছে। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এই স্থাপত্য। গোটা বিশ্বে আজ ‘‘প্রেমের সৌধ’’ হিসেবে খ্যাত। তাই বলতে হয়, স্থাপত্য কখনো হিন্দু, মুসলিম, খ্রিষ্টান বা অন্য কোনো ধর্মের হয় না।’
মমতা বলেন, ‘পশ্চিমবঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়ালসহ বহু স্থাপত্য ব্রিটিশরা গড়েছে। আবার দিল্লির ঐতিহ্যবাহী নর্থ ব্লক ও সাউথ ব্লক ভবনও ব্রিটিশরা তৈরি করেছে। সেখানে আমাদের কেন্দ্রীয় মন্ত্রীরাই তো বসছেন। তাহলে কি এখন আর ওই ভবনে কেন্দ্রীয় মন্ত্রীরা বসবেন না?’