তাজমহল ভারতীয়দের রক্ত-ঘামে তৈরি

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, তাজমহল ভারতীয় শ্রমিকদের রক্ত ও ঘাম দিয়ে তৈরি করা হয়েছিল। তিনি বলেন, ‘এটা (তাজমহল) কে কেন তৈরি করেছেন, সেটা কোনো বিষয় নয়; এটা ভারতীয় শ্রমিকদের রক্ত ও ঘাম দিয়ে তেরি করা হয়েছিল।’
আজ মঙ্গলবার আদিত্যনাথ এ কথা বলেছেন। এর এক দিন আগে গতকাল সোমবার আদিত্যনাথের দল বিজেপির আইনপ্রণেতা সংগীত সোম তাজমহল নিয়ে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেন। তিনি বলেন, তাজমহল ভারতীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করে না। ভারতীয় ইতিহাসে তাজমহলের কোনো স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, তাজমহল এমন একজন ব্যক্তি তৈরি করেছিলেন, যিনি হিন্দুদের নির্মূল করতে চেয়েছিলেন।
আদিত্যনাথ জানিয়েছেন, ২৬ অক্টোবর তাঁর আগ্রায় থাকার পরিকল্পনা রয়েছে। এ সময় তিনি তাজমহলসহ শহরের অন্যান্য স্মৃতিস্তম্ভ পরিদর্শন করবেন। রাজ্যের পর্যটন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, আগ্রায় বিভিন্ন প্রকল্পের জন্য ১৭৫ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে।
গতকাল সংগীত সোম মুঘল সম্রাটদের সম্পর্কে বলেন, ‘তাঁরা ছিলেন বিশ্বাসঘাতক।’ তিনি বলেন, ‘মুঘল সম্রাট শাহজাহানের মতো লোক যিনি হিন্দুদের নির্মূল করার চেষ্টা করেছিলেন, তিনি যদি ভারতের ইতিহাস ও ঐতিহ্যের অংশ হন, তবে এ ইতিহাসকে আমরা চ্যালেঞ্জ করব।’
এর আগে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের ছয় মাস পূর্তিতে রাজ্যের দর্শনীয় স্থান নিয়ে নতুন একটি পুস্তিকা প্রকাশ করা হয়। এতে পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম তাজমহলের কোনো উল্লেখ নেই।
আরও পড়ুন
তাজমহলকে আবার উপেক্ষা
http://www.prothom-alo.com/international/article/1336181