তাজমহলকে আবার উপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাজমহল। ছবি: রয়টার্স
তাজমহল। ছবি: রয়টার্স

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের ছয় মাস পূর্তিতে রাজ্যের দর্শনীয় স্থান নিয়ে নতুন একটি পুস্তিকা প্রকাশ করা হয়েছে। এতে পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম তাজমহলের কোনো উল্লেখ নেই।

পুস্তিকাটি প্রকাশ করেছেন ওই রাজ্যর পর্যটনমন্ত্রী রিতা বহুগুনা। এই পুস্তিকায় গুরুত্বপূর্ণ পর্যটন স্থানের তালিকায় গোরাকপুর মন্দিরসহ বেশ কিছু স্মৃতিসৌধ ও নতুন দর্শনীয় স্থানের নাম রয়েছে। গোরাকপুর মন্দিরের প্রধান পুরোহিত রাজ্যের মুখমন্ত্রী আদিত্যনাথ নিজেই।

তবে এ ব্যাপারে উত্তর প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং বলেছেন, ‘এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। যে কারণে তাজমহলকে উপেক্ষা করা হয়েছে।’ রাজ্য সরকার তাজমহলের গুরুত্ব স্বীকার করে উল্লেখ করে তিনি বলেন, ‘এমনকি আমরা যাত্রীদের সুবিধার্থে আগ্রায় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির কথা ভাবছি।’

চলতি বছরের জুনে তাজমহল নিয়ে মন্তব্য করে সংবাদমাধ্যমের শিরোনামে আসেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছিলেন, সপ্তদশ শতাব্দীতে মুঘল সম্রাট শাহজাহানের নির্মিত এই তাজমহল ভারতীয় সংস্কৃতিকে প্রতিফলিত করে না। এ কারণে এখন বিদেশি ভিআইপিদের সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে উপহার হিসেবে তাজমহলের প্রতিকৃতি দেওয়ার পরিবর্তে গিতা ও রামায়ণের কপি দেওয়া হচ্ছে।

বিরোধী দলের নেতারা বলছেন, নতুন পুস্তিকাটি এটাই প্রমাণ করে যে রাজ্য সরকার মুসলিমদের প্রতি বৈষম্য করছে এবং হিন্দুত্বের সঙ্গে জড়িত নয়, এমন সাংস্কৃতিক ঐতিহ্যকে মুছে ফেলার পদক্ষেপ নিচ্ছে।

সমাজবাদী পার্টির নেতা রাজেন্দ্র চৌধুরী বলেন, ‘তাজমহলকে তালিকার বাইরে রাখার মাধ্যমে বিজেপি সরকারের মানসিকতা ফুটে উঠেছে।’ তিনি বলেন, ‘তাজমহলের সঙ্গে জাতি বা সম্প্রদায়ের সম্পর্ক নেই। তাজমহলকে জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষণ করতে হবে।’

তবে রাজ্যের পর্যটন দপ্তর জানিয়েছে, তাজমহলকে উপেক্ষা করা হয়নি। পুস্তিকাটি একটি সংবাদ সম্মেলনের জন্য প্রকাশ করা হয়েছে। এটি উত্তর প্রদেশের পর্যটনকেন্দ্রের কোনো গাইডলাইন নয়। এতে পর্যটন দপ্তরের আসন্ন নতুন কর্মসূচির উল্লেখ করা হয়েছে এবং এতে পর্যটনকেন্দ্র হিসেবে নতুন স্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে।