তাজমহলের শুভ্রতা রক্ষায় কাঠের চুলায় নিষেধাজ্ঞা
দিনে দিনে শুভ্রতা হারিয়ে ফেলছে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় ও ঐতিহাসিক স্থাপনা তাজমহল। আশপাশের এলাকার কাঠের চুলার ধোঁয়ায় শ্বেত পাথরের তাজমহল শুভ্রতা হারিয়ে হলুদ বর্ণের হয়ে যাচ্ছে। আর তাই শুভ্রতা রক্ষার জন্য ওই এলাকায় ধোঁয়া নির্গত হওয়া চুলার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
আগ্রার ডিভিশনাল কমিশনার ও তাজ ট্রপিডিয়াম জোনের চেয়ারম্যান প্রদীপ ভাটনগর এই নিষেধাজ্ঞা জারি করেন। নিষেধাজ্ঞায় বলা হয়েছে, এই আইন অমান্য করলে পৌর আইনে জরিমানা করা হবে।
তাজমহল এলাকা মোরব্বা ও চুড়ি শিল্পের জন্য বিখ্যাত। কাছেই ফরিদাবাদে রয়েছে বালা তৈরির কারখানা। এগুলোতে ব্যবহৃত হয় কাঠের চুলা। কয়লার এই চুলা থেকে নির্গত হয় কার্বন। আর এই কার্বনের জন্যই ঔজ্জ্বল্য হারাচ্ছিল শুভ্র তাজমহল।
তাজমহল এলাকায় ১৫ বছরের পুরোনো গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।
মুঘল সম্রাট শাজাহান তাঁর প্রয়াত স্ত্রী মমতাজ মহলের স্মৃতি রক্ষার্থে তাজমহল বানিয়েছিলেন।