তাজমহলের সৌন্দর্য উপভোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাজমহল
তাজমহল

তাজমহল দেখতে গেলেন, অথচ ‘ডায়ানা বেঞ্চ-এ বসে নিজের ছবি তুললেন না—পর্যটকেরা তা ভাবতেই পারেন না। কারণ, তাঁদের মতে অমর ভালোবাসার প্রতীকে পরিণত এই সৌধ পরিদর্শনের স্মৃতিটা সবচেয়ে বেশি বর্ণিল হয় সেখানে বসে ছবি তুললেই।
ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত তুমুল জনপ্রিয় পর্যটন আকর্ষণ তাজমহলের ‘ডায়ানা বেঞ্চ’-এর এই একক কর্তৃত্ব খর্ব হতে চলেছে। উত্তরপ্রদেশ সরকার আরও ১৭টি স্থান যোগ করতে যাচ্ছে। সেসব জায়গায় ছবি তুললে ‘ডায়ানা বেঞ্চে’ বসে ছবি তোলার মতোই আবহ পাওয়া যাবে। এমনকি পেছনে তাজমহলের দৃশ্যটা হতে পারে আরও বেশি নয়নাভিরাম। খবর টাইমস অব ইন্ডিয়ার।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, ‘লোকে তাজমহল দেখতে গেলে সাধারণত যে স্থানটিতে ছবি তুলতে সবচেয়ে বেশি পছন্দ করে তা হচ্ছে সৌধটার সামনে অবস্থিত ওই বেঞ্চ। তবে পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করতে আমরা আরও ১৭টি স্থান চিহ্নিত করেছি। এই জায়গাগুলো থেকে তাজমহল কেবল দেখাই যাবে না, তা সমান সুন্দরই দেখাবে।’
মুখ্যমন্ত্রী অখিলেশ গত ১৪ ফেব্রুয়ারি তাঁর স্ত্রী লোকসভার সদস্য ডিম্পল যাদবকে সঙ্গে নিয়ে আগ্রায় রাজ্য সরকারের পর্যটন অতিথিশালা তাজ খেমায় যান। এ সময় তিনি তাজমহল দর্শনের ওই ১৭টি নতুন পয়েন্টের মধ্যে প্রথমটির উদ্বোধন করেন। ‘ডায়ানা বেঞ্চ’-এর আদলে আসন তৈরির জন্য এরই মধ্যে মার্বেল পাথর জোগাড়ের কাজ শুরু করেছে আগ্রার স্থানীয় প্রশাসন। এসব বেঞ্চ তৈরিতে ব্যবহার করা হবে মাকরানা মার্বেল। তাজমহল তৈরিতেও ব্যবহৃত হয়েছে মাকরানা পাথর।