
ধর্ষণের দায়ে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমের গ্রেপ্তারের পর হিংসাদীর্ণ উত্তর ভারতীয় রাজ্য হরিয়ানা শনিবার থমথমে। রাজ্যের কোনো জায়গা থেকে নতুন করে হিংসাত্মক ঘটনার কোনো খবর শনিবার পাওয়া যায়নি। উপদ্রুত এলাকাগুলোয় সেনা টহল চলছে। সিরসায় বিতর্কিত ধর্মগুরু রাম রহিমের প্রধান ডেরা শনিবার সেনাবাহিনী ঘিরে ফেলেছে।
শুক্রবারের তাণ্ডবের জন্য আদালত দায়ী করেছে হরিয়ানা রাজ্য সরকারকে। শনিবার পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট বলেছেন, রাজনৈতিক কারণেই রাজ্য সরকার ডেরা অনুগামীদের তাণ্ডব চালাতে দিয়েছে। হাইকোর্টের আরও নির্দেশ, ধর্ষক স্বঘোষিত ধর্মগুরুকে যেন কিছুতেই ভিআইপি সুবিধা না দেওয়া হয়। হরিয়ানার যে জেলখানায় রাম রহিমকে রাখা হয়েছে, সেখানে তাঁর কয়েদি নম্বর ১৯৯৭। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত হাঙ্গামায় ৩১ জনের মৃত্যু ঘটে, আহত প্রায় ৩০০। সম্পত্তিহানির পরিমাণ বিপুল। সরকারি সম্পত্তির ক্ষতিপূরণে হাইকোর্ট রাম রহিমের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং শনিবার সকালে তাঁর বাসভবনে পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক ডাকেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, গোয়েন্দাপ্রধান ও সেনাকর্তারা ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
সরকারি সূত্রের খবর, সেনাবাহিনীকে এখনই মূল ডেরায় ঢুকতে বারণ করা হয়েছে। সরকার চাইছে, ডেরায় আশ্রয় নেওয়া লক্ষাধিক মানুষ আগে বেরিয়ে আসুক। তারপর প্রয়োজনে সেনা ঢুকবে। ডেরার বাসিন্দাদের বেরিয়ে আসার জন্য সেনাবাহিনী লাউডস্পিকারে আবেদন জানাচ্ছে। রাজ্য সরকারের অনুমান, ৮০০ একর জমিতে তৈরি রাম রহিমের মূল ডেরায় প্রচুর অস্ত্র ও বিস্ফোরক মজুত রয়েছে। হরিয়ানা ও পাঞ্জাবের যে শহরগুলোয় শুক্রবার জরুরি অবস্থা জারি করা হয়েছিল, শনিবার সেখানে কিছু সময়ের জন্য তা শিথিল করা হয় সাধারণ মানুষ যাতে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারে।
সোমবার রাম রহিমের শাস্তির পরিমাণ নির্ধারিত হবে। পাঁচকুলার আদালতে বিচারপতি সেই রায় শোনাবেন নাকি জেলখানায় বিশেষ আদালত বসিয়ে রাম রহিমের উপস্থিতিতে রায় দেবেন, তা পরিস্থিতির বিচারে ঠিক করা হবে। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ধর্ষণের শাস্তি ন্যূনতম সাত বছরের সশ্রম কারাদণ্ড।
রাম রহিমের মূল ডেরা ঘিরে রাখা হলেও হরিয়ানা ও পাঞ্জাবের বিভিন্ন এলাকার ৩৬টি ‘নাম চর্চা’ ঘর পুলিশ বন্ধ করে দিয়েছে। কিছু কেন্দ্র থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার প্রায় ১০০ জন। উপদ্রুত এলাকায় ইন্টারনেট পরিষেবা শুক্রবার থেকেই বন্ধ। সোমবার পর্যন্ত তা বন্ধ থাকবে। বন্ধ রয়েছে সরকারি বাস ও ট্রেন চলাচলও। সোমবারের দিনটা না কাটলে রাজ্য প্রশাসন কোনো রকম ঝুঁকি নিতে নারাজ।
শুক্রবারের ঘটনা নিয়ে রাজনৈতিক চাপান-উতোর শনিবারেও অব্যাহত। পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট যে ভাষায় রাজ্য সরকারকে ভর্ৎসনা করে বলেছে, রাজনৈতিক স্বার্থে এই গোলমাল চালাতে দেওয়া হয়েছে, তা শাসক দল বিজেপির পক্ষে যথেষ্টই বিড়ম্বনার।