তাপস পালের বাড়িতে তল্লাশি

অর্থ আত্মসাতের অভিযোগে তৃণমূল সাংসদ তাপস পালের দক্ষিণ কলকাতার দুটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আজ বুধবার এ তল্লাশি চালানো হয়।
তাপস পালের বিরুদ্ধে অভিযোগ, একজন পরিচালক হয়ে রোজভ্যালি থেকে প্রচুর আর্থিক সুবিধা নিয়েছেন তিনি। রোজভ্যালির বিভিন্ন ব্যাংক হিসাব থেকে এসব তথ্য পায় সিবিআই। পরে সিবিআই সকাল ১০ থেকে বেলা ১টা ৫০ মিনিট পর্যন্ত প্রায় চার ঘণ্টা ধরে তল্লাশি চালায় তাপস পালের বাড়িতে।
এ ছাড়াও রোজভ্যালি আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যালয়ে তল্লাশি করে সিবিআই। সারদা গোষ্ঠীর মতো রোজভ্যালি সংস্থার বিরুদ্ধেও বিপুল মানুষের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
এর আগে আজ কলকাতাসহ ভারতের ১০টি রাজ্যের রোজভ্যালির ৪৩টি অফিসে সিবিআই তল্লাশি চালায়। রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর বাসভবনেও তল্লাশি চালানো হয়।
সিবিআই ১০টি রাজ্যের রোজভ্যালির ৪৩টি অফিসেও আজ একযোগে তল্লাশি চালায়। এতে অংশ নেয় সিবিআইয়ের ১৫০ জন কর্মকর্তা। ৪৩টি অফিসের মধ্যে ২৭টি পশ্চিমবঙ্গে। সিবিআই এখন খতিয়ে দেখছে তাপস পালের সঙ্গে রোজভ্যালির কোনো চুক্তি হয়েছে কি না?
তৃণমূলের সাংসদ তাপস পাল গত বছর লোকসভা নির্বাচনের সময় নদিয়ার নাকাশিপাড়ায় তৃণমূলের এক নির্বাচনী সভায় তাঁর দলের লোক দিয়ে সিপিএমের নারী কর্মীদের ধর্ষণের হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন।