তাপস পালের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশ

সিপিএমের কর্মীদের নারী স্বজনদের ধর্ষণ করার হুমকি দেওয়ায় ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাংসদ ও অভিনেতা তাপস পালের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট।
আইনি ব্যবস্থা না নিয়ে তাপস পালকে ছাড় দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁকে ছাড় দেননি কলকাতা হাইকোর্ট। বিচারপতি দীপংকর দত্ত গতকাল সোমবার তাপস পালের বিরুদ্ধে দায়ের করা এক মামলার শুনানি শেষে বেফাঁস মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশ দেন। একই সঙ্গে এই মামলা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সিআইডি পুলিশকে।
১ জুলাই নদীয়ার নাকাশিপাড়া থানায় বিপ্লব রায় চৌধুরীর দাখিল করা অভিযোগকে এফআইআর হিসেবে গণ্য করে ৭২ ঘণ্টার মধ্যে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ রাজ্যের ডিআইজিকে (সিআইডি) পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর এই মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদন আদালতে পেশ করতে হবে।
নাকাশিপাড়া থানা তাপস পালের বিরুদ্ধে দায়ের করা আবেদনের ব্যাপারে কোনো উদ্যোগ না নিলে বিপ্লব রায় চৌধুরী কলকাতা হাইকোর্টের কাছে যান।
তাপস পাল ১৪ জুন প্রথমে নদীয়া জেলার নাকাশিপাড়া থানার চৌমাহায় ভাষণে বলেছিলেন, ‘আমি চন্দন নগরের ছেলে। অনেক রংবাজি করেছি। আমি প্রচুর মাস্তানি করেছি। আমি পকেটে মাল নিয়ে ঘুরি। আমি নিজে রিভলবার দিয়ে গুলি করে চলে যাব। সিপিএমকে গুলি করে মারব। আমার মা, বোন, বাবা, বাচ্চা কারোর গায়ে যদি হাত পড়ে আমি ছেড়ে কথা বলব না। বাড়ি বাড়ি ঢুকে ছেলে পাঠিয়ে রেপ করে দেব। তৃণমূলের কারোর গায়ে যদি কোনো সিপিএম হাত দেয়, তবে তাদের গুষ্টি শেষ করে দেব। বাড়িঘর জ্বালিয়ে দেব।’ এরপর একই জেলার গোপীনাথপুর এবং তেঘরি গ্রামে দলীয় সমাবেশে একই দিনে ভাষণে অশালীন মন্তব্য করেন।