তাপসের মামলার বিচার করবেন তৃতীয় বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা ও তৃণমূলের সাংসদ তাপস পালের বিরুদ্ধে করা জনস্বার্থ মামলার বিচার করবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি নিশীথা মাত্রে।

গতকাল শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর এই মামলার বিচারের ভার তাঁকে দেন।

নারীদের নিয়ে তাপস পালের অশালীন মন্তব্যের জন্য প্রথমে তাঁর বিরুদ্ধে সিআইডির মাধ্যমে মামলা করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের বিচারপতি দীপঙ্কর দত্ত। ওই নির্দেশের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার হাইকোর্টের বিচারপতি গিরীশ গুপ্ত ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে আপিল করে। আপিলের শুনানি শেষে ১৩ আগস্ট ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি ভিন্নমত পোষণ করে আলাদা রায় দেন। এরপর মামলাটি তৃতীয় বিচারপতির আদালতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই লক্ষ্যে তৃতীয় বিচারপতির নাম ঘোষণা করা হয়।

তাপস পাল ১৪ জুন নদীয়া জেলার নাকাশিপাড়া থানার চৌমাহায় ভাষণ দেওয়ার সময় বলেছিলেন, ‘সিপিএমের সমর্থকদের বাড়ি বাড়ি ঢুকে ছেলে পাঠিয়ে রেপ করে দেব। তৃণমূলের কারোর গায়ে যদি কোনো সিপিএম হাত দেয়, তবে তাদের গোষ্ঠী শেষ করে দেব। বাড়িঘর জ্বালিয়ে দেব।’