তামিলনাড়ু, কেরালা ও পদুচেরিতে কড়া নিরাপত্তায় ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তামিলনাড়ু ও কেরালা রাজ্য এবং কেন্দ্রশাসিত পদুচেরিতে আজ সোমবার বিধানসভার নির্বাচনে কড়া নিরাপত্তার মধ্যে ভোট নেওয়া হচ্ছে।

সকাল সাতটা থেকে ভোট নেওয়া শুরু হয়েছে। তিন এলাকার প্রায় সাড়ে নয় কোটি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

তামিলনাড়ুতে ২৩৪টির মধ্যে ২৩২টি আসনে নির্বাচন হচ্ছে। বাকি দুটি আসনে ভোট গ্রহণের তারিখ পিছিয়ে ২৩ মে করা হয়েছে। নির্বাচনে মোট প্রার্থী ৩ হাজার ৭৭৬ জন। রাজ্যে মূল লড়াই হচ্ছে ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী জয়ললিতার এআইডিএমকে জোটের সঙ্গে আঞ্চলিক বিরোধী দল ডিএমকে জোটের। প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেস ও বিজেপি জোটও থাকছে।

কেরালায় ১৪০টি আসনে ১ হাজার ২০৩ জন প্রার্থী লড়ছেন। রাজ্যে লড়াই হচ্ছে শাসক জোট কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফের সঙ্গে বাম সিপিএমের নেতৃত্বাধীন এলডিএফের। প্রতিদ্বন্দ্বিতায় আরও আছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট।

পদুচেরির ৩০টি আসনে প্রার্থী ৩৪৪ জন। এখানে মূলত লড়াই হচ্ছে শাসক দল এআইএনআরসির সঙ্গে কংগ্রেস-ডিএমকে জোটের। এ ছাড়া সব আসনে লড়ছে বিজেপি ও এআইএডিএমকে।

১৯ মে পশ্চিমবঙ্গ ও আসামের সঙ্গে এই দুই রাজ্য ও কেন্দ্রশাসিত একটি অঞ্চলের ফল ঘোষণা করা হবে।