তামিলনাড়ু, কেরালা ও পদুচেরিতে ভোট আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তামিলনাড়ু ও কেরালা রাজ্য এবং কেন্দ্রশাসিত পদুচেরিতে আজ সোমবার বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিন এলাকার প্রায় সাড়ে ৯ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
দক্ষিণের তামিলনাড়ুতে ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী জয়ললিতার দল অল ইন্ডিয়া দ্রাবিড় মুনেত্রা কাজাঘাম (এআইডিএমকে) রাজ্যের ২৩৪টি আসনের সব কটিতেই লড়ছে। ভারতে ক্ষমতাসীন বিজেপি রাজ্যে ১৮৮টি আসনে প্রার্থী দিয়েছে। আর আঞ্চলিক বিরোধী দল করুনানিধির দ্রাবিড় মুনাত্রা কাজাঘাম (ডিএমকে) ১৮০ আসন, বহুজন সমাজ পার্টি ১৫৮ এবং জাতীয় কংগ্রেস ৪১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট করেছে ডিএমকে। রাজ্যের রাধাকৃষ্ণাণ নগর আসনে সর্বোচ্চ ৪৫ জন প্রার্থী অংশ নিচ্ছেন।
কেরালার ২ কোটি ৬০ লাখ ভোটার ১৪০ জন বিধায়ক নির্বাচন করবেন আজ। রাজ্যে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সিপিআই (এম) নেতৃত্বাধীন এলডিএফের। নির্বাচনী প্রচারণায় এখানে বিজেপির পক্ষে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচনী লড়াইয়ে এ রাজ্যে নেমেছেন ১ হাজার ২০৩ জন প্রার্থী।
পদুচেরিতে ভোটারের সংখ্যা ৯৪ লাখ। এর ৩০টি আসনের সব কটিতেই লড়ছে বিজেপি। এখানে বিজেপির প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ও এআইডিএমকে। ১৯ মে পশ্চিমবঙ্গ ও আসামের সঙ্গে এই দুই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ফল ঘোষণা করা হবে।