তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতে শান্তিপূর্ণ ভোট
ভারতের দক্ষিণের দুই রাজ্য তামিলনাড়ু, কেরালা ও কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে গতকাল সোমবার শান্তিপূর্ণভাবে বিধানসভার নির্বাচন হয়েছে। চলচ্চিত্র জগতের নায়ক-নায়িকা থেকে শুরু করে সাধারণ মানুষ দীর্ঘ সারিতে অপেক্ষা করে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
গতকাল সবশেষ খবর পাওয়া পর্যন্ত তামিলনাড়ুতে ৬৩ দশমিক ৭ শতাংশ, কেরালায় ৭০ দশমিক ৪ শতাংশ এবং পুদুচেরিতে ৮০ শতাংশ ভোট পড়ে।
তামিলনাড়ুর চেন্নাইয়ে গতকাল সকালেই ভোট দেন মুখ্যমন্ত্রী জয়ললিতা। ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘আগামী দুই দিনের মধ্যেই আপনারা জনরায় জানতে পারবেন।’
এবার নির্বাচনে জিতলে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসবেন তিনি।
জয়ললিতার প্রধান প্রতিদ্বন্দ্বী দ্রাবিড় মুনাত্রা কাজাঘামের (ডিএমকে) প্রধান এম করুনানিধি জয়ললিতার মতোই সকালে ভোট দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে এম কে স্ট্যালিন ও মেয়ে কানিমোঝি। ৯২ বছর বয়সী করুনানিধি ক্ষমতা ফিরে পাওয়ার প্রত্যাশা করছেন। দক্ষিণি এবং সেই সঙ্গে বলিউডের চলচ্চিত্র জগতের একসময়ের ‘সুপারস্টার’ রজনীকান্ত তাঁর ভোট দেন চেন্নাইতেই।
নির্বাচনী প্রচারণার সময় নির্বাচন কমিশন অন্তত ১০০ কোটি রুপি উদ্ধার করে তামিলনাড়ুর বিভিন্ন এলাকা থেকে। এসব অর্থ নির্বাচনে অবৈধ ভোট কেনার জন্য ব্যবহৃত হচ্ছিল বলে কমিশন মনে করছে। ২৩৪টি আসনের মধ্যে আরভাকুরিচি ও থানজাভুর আসনে ভোট গ্রহণ করা হয়নি গতকাল। ২৩ মে দুই আসনে ভোট গ্রহণ হবে।
তামিলনাড়ুর করুনানিধির মতো ৯০ পেরোনো বাম নেতা ভি এস অচ্চুতানন্দ কংগ্রেসের হাত থেকে ক্ষমতা ফিরে পাওয়ার প্রত্যাশা করছেন কেরালায়। কংগ্রেস নেতৃত্বাধীন জোটের সঙ্গে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফের প্রবল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে। ৩০ আসনের পদুচেরি বিধানসভার নির্বাচন গতকাল শেষ হয় শান্তিপূর্ণভাবে।