তামিলনাড়ুতে কংগ্রেস-ডিএমকে জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তামিলনাড়ু রাজ্যে ডিএমকের সঙ্গে জোট বাঁধল কংগ্রেস। আজ শনিবার চেন্নাইয়ে ডিএমকের প্রধান এম করুণানিধির সঙ্গে বৈঠক করে কংগ্রেস এই জোট চূড়ান্ত করে। কংগ্রেস নেতা গোলাম নবি আজাদ আজ চেন্নাইয়ে এই জোটবদ্ধ হওয়ার কথা জানান।

তামিলনাড়ু রাজ্য বিধানসভার ২৩৪ আসনের মধ্যে কংগ্রেস কতগুলোতে লড়বে, তা পরে ঠিক হবে। রাজ্যের অন্য দলগুলোকে এই জোটে নেওয়া হবে কি না সেই দায়িত্ব কংগ্রেস করুণানিধির ওপর ছেড়ে দিয়েছে। আজাদ বলেন, রাজ্যবাসীকে ডিএমকের নেতৃত্বে এক যোগ্য সরকার উপহার দেওয়াই এই জোটের লক্ষ্য। তামিলনাড়ুতে এপ্রিল-মে মাসে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।

এই রাজ্যে কংগ্রেস বরাবরই দুই দ্রাবিড় দলের মধ্যে কারও না কারও সঙ্গে জোট বেঁধে এসেছে। ডিএমকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএরও শরিক ছিল। কিন্তু স্পেকট্রাম বণ্টন কেলেঙ্কারিতে ডিএমকের এ রাজা ও কানিমোলি জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ ডিএমকে জোট থেকে সরে যায়। এবার ভোটের আগে আবার দুই দল হাতে হাত মিলিয়ে শাসক এআইএডিএমকের মোকাবিলায় নামছে।
তামিলনাড়ুতে জোটসঙ্গী বেছে নিলেও আসামে কংগ্রেস একাই লড়ছে। এই রাজ্যে কংগ্রেস তাদের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তরুণ গগৈয়ের নামও ঘোষণা করেছে। ভোটের আগে এই রাজ্যে কোনো জোটে কংগ্রেস যাচ্ছে না। যদিও আতর ব্যবসায়ী বদরুদ্দিন আজমলের দল এইউডিএফের সঙ্গে জোট বাঁধার একটা চাপ কংগ্রেসের ওপর ছিল। কিন্তু কংগ্রেস নেতৃত্ব ভোটের আগে কারও সঙ্গেই কোনো বোঝাপড়ায় রাজি নয়। বোঝাপড়া একান্তই হলে ভোটের পর।
পশ্চিমবঙ্গে বামপন্থীদের সঙ্গে জোট বাঁধার বিষয়টি অবশ্য কংগ্রেস হাইকমান্ড গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। রাজ্য নেতাদের বেশির ভাগই এই জোটের পক্ষে মত দিয়েছেন। সিপিএমের রাজ্য নেতৃত্বের অধিকাংশও এই জোটের পক্ষে। গতকাল শুক্রবার রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে উপস্থিত ৫৪ জন সদস্যের মধ্যে ৪৩ জন জোটের পক্ষে মত দেন, বিপক্ষে ১১ জন। রাজ্য সম্পাদকমণ্ডলীর এই সুপারিশই কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। চলতি মাসের ১৬ তারিখ দিল্লিতে সিপিএম পলিটব্যুরোর বৈঠক। তার পর দুদিন ধরে কেন্দ্রীয় কমিটির সদস্যরা এই প্রশ্নটি বিবেচনা করবেন।
সিপিএমের কেন্দ্রীয় কমিটির অভিমত না জেনে কংগ্রেস এই জোট নিয়ে আগে থাকতে এগোতে রাজি নয়। দলের এক শীর্ষ নেতার মতে, ১৯৯৬ সালে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেয়নি সিপিএম। ২০০৪ সালে আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তির বিরোধিতা করে ইউপিএ থেকে সিপিএম সমর্থন তুলে নিয়েছিল। এবার তাই কেন্দ্রীয় কমিটির মনোভাব না জেনে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব জোট নিয়ে এগোতে নারাজ। কংগ্রেসের কেরালা ও ত্রিপুরা রাজ্য নেতৃত্ব এবং সিপিএমের এই দুই রাজ্য কমিটি অবশ্য পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোটের বিরুদ্ধে। তামিলনাড়ুতে অবশ্য কংগ্রেস জোট করল এই ধরনের কোনো বিরোধিতা ছাড়া।