তামিলনাড়ুতে ঘূর্ণিঝড়ের আঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘ভরদা’। এতে কমপক্ষে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেলে সেখানে আঘাত হানে।
রোববার বিকেল থেকেই তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চল এবং চেন্নাইয়ে প্রবল বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। চেন্নাইয়ের পাশাপাশি এর প্রভাব পড়েছে অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতেও। ঝড়ের গতিবিধি খেয়াল রেখে প্রশাসন আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। সেখান থেকে হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয় সরকার।
ঘূর্ণিঝড়ে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে উপড়ে গেছে বহু গাছপালা। বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক স্থানের বিদ্যুৎসংযোগ। ঘূর্ণিঝড়কে সামনে রেখে উচ্চসতর্কতা জারি করা হয়েছে। সাগর থেকে উদ্ধার করা হয়েছে অন্তত আট জেলেকে।
অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকারের মন্ত্রী পি নারায়ণ পিটিআইকে জানান, রাজ্যের ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে এরই মধ্যে প্রায় ১০ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন তাঁরা। লোকজনের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, তামিলনাড়ু থেকেও সরিয়ে নেওয়া হয়েছে সাত হাজার মানুষকে।
নৌবাহিনীর একজন মুখপাত্র বলেন, চিকিৎসক, খাদ্য ও অন্যান্য ত্রাণবাহী দুটি জাহাজ সার্বক্ষণিক মোতায়েন রাখা হয়েছে।
মোতায়েন করা হয়েছে জাতীয় দুর্যোগ-সাড়া বাহিনীর ১৫টির বেশি দলকে।