তামিলনাড়ুতে নতুন জোট বাঁধার উদ্যোগ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শশীকলা নটরাজনকে চায় না কোনো পক্ষই
শশীকলা নটরাজনকে চায় না কোনো পক্ষই

তামিলনাড়ুতে এআইএডিএমকের অবিসংবাদিত নেত্রী প্রয়াত ‘আম্মা’ জয়ললিতার উত্তরাধিকারের প্রশ্নে নতুন জোট বাঁধার উদ্যোগ শুরু হয়েছে। এ উদ্যোগের একটি অধ্যায় যদি হয় দল ও সরকারে জেলবন্দী শশীকলা নটরাজনের যাবতীয় নিয়ন্ত্রণ অগ্রাহ্য করা, তবে অন্য উদ্যোগটি হলো বর্তমান মুখ্যমন্ত্রী ই পলানিসামীর সঙ্গে পূর্বতন মুখ্যমন্ত্রী ও পনিরসেলভামের রাজনৈতিক মিটমাট। উদ্যোগ সফল হলে তামিলনাড়ুর রাজনৈতিক চালচিত্র নতুন করে আঁকা হবে।

জয়ললিতার মৃত্যুর পর দল ও সরকারের দখল হাতে তুলে নেন ‘আম্মা’র ৩০ বছরের সঙ্গী শশীকলা। আদালতের রায়ে জেলে যেতে হলেও মুখ্যমন্ত্রী হিসেবে শশীকলা বেছে নেন ই পলানিসামীকে, রাজ্য রাজনীতিতে যিনি ‘ইপিএস’ বলে পরিচিত। এ ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানান ও পনিরসেলভাম বা ‘ওপিএস’, জয়ললিতা যাঁকে বারবার অস্থায়ী মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ করেছিলেন। উত্তরাধিকারের এই প্রশ্নে দল বিভক্ত হয়ে পড়ে। অধিকাংশ বিধায়ক ইপিএসের পাশে থাকলেও শীর্ষ নেতাসহ অধিকাংশ সাংসদ ওপিএসের পাশে দাঁড়ান। এ অবস্থায় এসে পড়ে আর কে নগরের উপনির্বাচন, জয়ললিতার মৃত্যুতে যে আসনটি খালি হয়েছিল।

যুযুধান দুই শিবিরই আর কে নগরের উপনির্বাচনে প্রার্থী দেয় এবং নির্বাচন কমিশনের কাছে দলীয় প্রতীক ‘জোড়া পাতা’র দাবি জানায়। নির্বাচন কমিশন পরিচিত প্রতীকটি কোনো শিবিরকেই দেয়নি। ইপিএস শিবিরের বিরুদ্ধে ওই কেন্দ্রের ভোটারদের ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে। কমিশন শেষ পর্যন্ত উপনির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিলে শুরু হয় মিটমাটের নতুন উদ্যোগ। উঠে আসছে দুই শিবিরের এক হওয়ার ফর্মুলা বা সূত্র।

শশীকলাকে ছেঁটে ফেলতে দুই শিবিরই আগ্রহী। কিন্তু ইপিএস মুখ্যমন্ত্রী হবেন নাকি ওপিএস, দলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে—সেসব প্রশ্নের মীমাংসা হয়নি। ইপিএসকে মুখ্যমন্ত্রী পদে রাখতে ওপিএস রাজি হলে তাঁকে দলের সাধারণ সম্পাদক করতে হয়। তা ছাড়া ওপিএস শিবিরের দাবি, দলের প্রবীণ নেতা মধুসূদনকে এআইএডিএমকের প্রেসিডিয়ামের চেয়ারম্যান পদে ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে দল থেকে ছেঁটে ফেলতে হবে শশীকলা ও তাঁর ভাইপো টিটিভি দিনাকরণকে। জয়ললিতা একসময় এই দিনাকরণকে শশীকলার সঙ্গেই দল থেকে বহিষ্কার করেছিলেন। দলীয় প্রতীক পেতে নির্বাচন কমিশনকে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে দিনাকরণের বিরুদ্ধে।