ভারতে কালোটাকার মালিকদের নামের তালিকায় কংগ্রেসের নেতা সাবেক মন্ত্রীদের নাম থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। ইংরেজি ভাষার ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল টাইমস নাউ-এর সঙ্গে সাক্ষাৎকারে গতকাল বুধবার তিনি এই ইঙ্গিত দেন। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
সাক্ষাৎকারে কালোটাকার মালিকদের তালিকায় কংগ্রেসের নেতা ও সাবেক মন্ত্রীদের নাম থাকবে কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমি নিশ্চিত করে বলছি না, আবার নাকচও করছি না। শুধু হাসছি।’ এর আগে কালোটাকা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেছিলেন, তালিকা প্রকাশ করলে কংগ্রেসই ‘অস্বস্তিতে’ পড়তে পারে।
এদিকে কংগ্রেস গতকাল বিজেপি সরকারের উদ্দেশে বলেছে, কালোটাকার তালিকা নিয়ে কংগ্রেসকে ব্ল্যাকমেল করবেন না। সাহস থাকলে পুরো তালিকা প্রকাশ করুন। আংশিক তথ্য প্রকাশ করবেন না।
কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং গতকাল ইন্টারনেটের খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারে লিখেছেন, বিজেপির নির্বাচনী অঙ্গীকার ছিল সরকার গঠনের ১০০ দিনের মধ্যেই বিদেশ থেকে সব কালোটাকা ফিরিয়ে আনবে। তিনি অর্থমন্ত্রীর উদ্দেশে টুইটারে লিখেছেন, ‘ধাপ্পাবাজি বাদ দিয়ে বলুন, কবে কালোটাকা বিদেশ থেকে ফিরিয়ে এনে জনগণের ব্যাংক হিসাবে ফেরত দেবেন।’