তালেবান নজরদারির মধ্যেই দেশে ফিরলেন ভারতীয়রা
তালেবানদের কড়া নজরদারির মধ্যে ভারতীয়দের উদ্ধার করে কাবুল থেকে দেশে ফেরানো হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ভারতীয় বিমানবাহিনীর সি-১৭ বিমানে কাবুল থেকে গুজরাটের জামনগরে ফিরে আসেন ১৩০ দূতাবাস কর্মী ও আধা সামরিক বাহিনী ইন্দো টিবেটান বর্ডার পুলিশের জওয়ান। কিন্তু এই ফিরে আসাটাও সহজ ছিল না।
তালেবানের হাতে কাবুলের পতনের আগেই আফগানিস্তানের হেরাত, মাজার-ই-শরিফ ও কান্দাহারে ভারতীয় কনস্যুলেট বন্ধ করে দেওয়া হয়েছিল। খোলা ছিল শুধু কাবুল দূতাবাস। ১৫ আগস্ট কাবুল দখল ও প্রেসিডেন্ট আশরাফ গনির দেশত্যাগের সময় থেকেই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একমাত্র কাজ ছিল ভারতীয়দের নির্বিঘ্নে ফিরিয়ে আনা। সেই উদ্দেশ্যে দুটি সি-১৭ বিমান কাবুলে পাঠানো হয়েছিল। কিন্তু বিমানবন্দরে অরাজকতা শুরু হওয়ায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর আগে একটি বিমানে ৪৫ জন ফিরে আসেন। বাকিদের ফেরানো হয় গতকাল সকালে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই উদ্ধার কাজও বিনা ঝঞ্ঝাটে হয়নি। এটা ঠিক, দখলদার তালেবান নেতৃত্ব বিদেশিদের দেশত্যাগে কোনো বাধা দেয়নি। বিদেশিদের ওপর অত্যাচারও করেনি। কিন্তু ভারতীয় দূতাবাসে কর্মরত আফগানরা যাতে দেশ ছেড়ে না যান, সে দিকে ছিল তাদের শ্যেন দৃষ্টি। সোমবার যাঁদের বিমানবন্দরে নিয়ে আসা হয়, তাঁদের গাড়ি মাঝে মাঝেই থামানো হয়েছে। তালেবান দেখতে চেয়েছে, ভারতীয়দের সঙ্গে আফগান নাগরিকও পালাচ্ছে কি না।
আফগান নাগরিকদের ভারতে আসার জন্য যেখান থেকে ভিসা দেওয়া হয়ে থাকে, সেই শাহির ভিসা এজেন্সিতেও তালেবান হানা দেয়। বিমানবন্দরে যাওয়ার পথে কয়েকজন ভারতীয়ের ব্যক্তিগত কিছু জিনিস তারা কেড়ে নেয়। তবে কাউকে দেশ ছেড়ে চলে যেতে বাধা দেওয়া হয়নি। মন্ত্রণালয়ের এক সূত্রের মতে, তালেবান আফগানদের দেশত্যাগে বাধা দিচ্ছে। কিন্তু বিদেশিদের এখনো কিছু বলেনি।
সোমবার বিমানবন্দরের অরাজকতার খবর পাওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাতেই কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে। ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনা নিয়ে দুজনের কথা হয়। সেই অনুযায়ী গতকাল সকালেই সব ভারতীয়কে হাজির করা হয় বিমানবন্দরে। তাঁদের মধ্যে ছিলেন ভারতীয় দূত রুদ্রেন্দু ট্যান্ডনও। সি-১৭ বিমান প্রথমে নামে গুজরাটের জামনগরে। জ্বালানি ভরার পর বিকেলে যাত্রীদের নিয়ে ফিরে আসে দিল্লি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, আফগানিস্তানের পরিস্থিতি কোন দিকে বাঁক নেয়, তা দেখেই পরবর্তী ব্যবস্থা গৃহীত হবে। তালেবান নেতৃত্ব সব সরকারি কর্মীকে ক্ষমা করে দিয়েছে। তাঁদের কাজে যোগ দিতে বলেছে। তবে নারীদের প্রতি তাদের মনোভাব এখনো অজানা। ২০ বছর আগের তালেবানের সঙ্গে বর্তমান নেতৃত্বের পার্থক্য কতটা, মনোভাবের বদল কতটা ঘটেছে, তা বুঝে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে। ভারতের নীতি আপাতত অপেক্ষা ও অবলোকনের।