তাৎক্ষণিক নিরাপত্তা ঝুঁকি নেই: ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের নকশায় ভারতের নৌবাহিনীর জন্য নির্মাণাধীন ডুবোজাহাজের সক্ষমতার বিষয়ে বিস্তারিত ফাঁস হওয়ার বিষয়টিকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখছে না ভারত। গতকাল বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গত বুধবার অস্ট্রেলিয়ার পত্রিকায় ডুবোজাহাজের বিষয়ে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর তারা ফ্রান্স সরকারের সঙ্গে করণীয় নির্ধারণ করছে।
অস্ট্রেলিয়ার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, স্করপিন ডুবোজাহাজের বিষয়ে বিস্তারিত তুলে ধরা ২২ হাজার পৃষ্ঠারও বেশি নথি তারা পেয়েছে। ওই নথির আংশিক প্রকাশ করে পত্রিকাটি।
এদিকে চীনের সঙ্গে বিতর্কিত সীমান্ত এলাকায় ভারতের অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বসানোর পরিকল্পনার প্রতিক্রিয়ায় গতকাল চীন বলেছে, তারা আশা করে শত্রুতার পরিবর্তে ভারত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার বিষয়ে বেশি প্রচেষ্টা চালাবে। গতকাল মাসিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের ওই পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্রমন্ত্রী উ কিয়ান এ কথা বলেন।