তিন তালাক বিধান অসাংবিধানিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের একটি আদালত মৌখিক তিন তালাকের মাধ্যমে বিচ্ছেদের বিধানকে অসাংবিধানিক বলেছেন। এ বিষয়ে এক মামলার শুনানিতে গত বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্ট তাঁদের পর্যবেক্ষণে বলেছেন, তিন তালাকের এই বিধান ভারতের মুসলিম নারীদের অধিকার ক্ষুণ্ন করছে।
তিন তালাকের রীতিতে স্বামী ইচ্ছে করলে মুখে তিনবার তালাক শব্দটি উচ্চারণ করেই স্ত্রীর সঙ্গে একতরফাভাবে বিচ্ছেদ ঘটাতে পারেন। ভারতের অনেক মুসলিম সংগঠন এবং নারী অধিকার সংগঠন এই রীতি সংস্কারের দাবি জানাচ্ছে বহুদিন ধরে। সংগঠনগুলোর যুক্তি, এর ফলে অনেক মুসলিম মহিলা চরম আর্থিক দুরবস্থার মধ্যে পড়েন। কারণ এ ধরনের বিবাহবিচ্ছেদে সাধারণত স্ত্রী এবং তাঁর সন্তানদের খোরপোশের কোনো ব্যবস্থা রাখা হয় না।
এলাহাবাদ হাইকোর্ট তাঁদের পর্যবেক্ষণে বলেছেন, তিন তালাকের রীতিটি ভারতের সংবিধানের ঊর্ধ্বে হতে পারে না। তবে তিন তালাক সমর্থনকারী মুসলিম নেতারা বলেছেন, বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এটি ভারতের মুসলিমদের বিরুদ্ধে একধরনের বৈষম্যমূলক পদক্ষেপ।