তিন বাংলাদেশিসহ জেএমবির ছয় জঙ্গি ভারতে গ্রেপ্তার

ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ছয় সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। কলকাতা পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া জঙ্গিদের মধ্যে তিনজন হলেন বাংলাদেশি নাগরিক, বাকিরা ভারতের।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জাহিদুল শেখ ওরফে জাফর ওরফে জাবিরুল, আনোয়ার হোসেন ওরফে ফারুক ওরফে ইনাম ওরফে কালুভাই, মোহাম্মদ রফিক ওরফে রুবেল ওরফে পিচ্চি, মাওলানা ইউসুফ ওরফে বক্কর ওরফে আবু খেতাব, শাহিদুল ওরফে সূর্য ওরফে শামিম ও আবদুল কালাম ওরফে কলিম। এঁদের মধ্যে প্রথম তিনজন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে এসটিএফ।
গতকাল সোমবার কলকাতার লালবাজার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এই ছয় সন্দেহভাজন জঙ্গির গ্রেপ্তারের খবর জানিয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) ও এসটিএফের প্রধান বিশাল গর্গ। তিনি বলেন, আসাম ও পশ্চিমবঙ্গের একাধিক জায়গা থেকে এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছে প্রচুর বিস্ফোরক পাওয়া গেছে। এর মধ্যে পাঁচজন খাগড়াগড় বিস্ফোরণ মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তাঁদের ধরিয়ে দিতে ইতিপূর্বে পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
গতকালের সংবাদ সম্মেলনে এসটিএফের প্রধান বলেন, দুদিন আগে আসামের কাছাড় থেকে একটা জাল নোটের মামলায় জাহিদুল শেখকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে আসা হয়। লাগাতার জিজ্ঞাসাবাদে জাহিদুল বলেছেন, তিনি জেএমবির সঙ্গে যুক্ত। তাঁর কাছ থেকে বেশ কয়েকজন জেএমবি জঙ্গির খবর জানতে পারে এসটিএফ। সেই সূত্র ধরে রোববার নিউ কোচবিহার স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় আবদুল কালামকে। তারপর বনগাঁ থেকে আনোয়ার হোসেন ও মোহাম্মদ রফিককে গ্রেপ্তার করা হয়। বাকি দুজন মাওলানা ইউসুফ ও শাহিদুলকে গ্রেপ্তার করা হয় পশ্চিমবঙ্গের বসিরহাট থেকে।
ছয়জনকেই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আগামী ৬ অক্টোবর পর্যন্ত তাঁদের রিমান্ডে বা পুলিশি হেফাজতে রাখার আদেশ দিয়েছেন আদালত। এসটিএফের দাবি, শাহিদুল জেএমবির উত্তর-পূর্ব ভারতের প্রধান হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি আসামের বরপেটায়। আর গ্রেপ্তার হওয়া ইউসুফ হলেন শাহিদুলের ‘সেকেন্ড ইন কমান্ড’। এই জঙ্গিরা উত্তর-পূর্ব এবং দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে নাশকতার পরিকল্পনা করছিলেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়িতে মজুত রাখা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শাকিল গাজী ও করিম শেখ নামে দুজন নিহত হন। ওই ঘটনার তদন্ত শেষে ভারতের জাতীয় তদন্ত সংস্থা বলেছিল, বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির জঙ্গিদের আস্তানা ছিল খাগড়াগড়ের ওই বাড়িটি। নিহত দুজনও জেএমবির জঙ্গি।
জাতীয় তদন্ত সংস্থা এই ঘটনায় করা মামলায় তিন দফায় দেওয়া অভিযোগপত্রে মোট ৩০ জনকে আসামি করে। তাঁদের মধ্যে ছয়জন বাংলাদেশি রয়েছেন। পলাতক ১০ আসামির মধ্যে সর্বশেষ পাঁচজন গ্রেপ্তার হলেন। গত ১৯ আগস্ট কলকাতার নগর দায়রা আদালতে মামলাটির বিচার শুরু হয়।