ভারতে বিধানসভার মেয়াদ শেষ হওয়ায় পাঁচ রাজ্যের মধ্যে প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গ ও আসামের নির্বাচন হয়ে গেল। এবার পালা দক্ষিণের রাজ্য কেরালা, তামিলনাড়ু ও পদুচেরির (সাবেক পন্ডিচেরি)। ১৬ মে এই তিন রাজ্যে একযোগে ভোট গ্রহণ করা হবে। এই পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে একযোগে ১৯ মে। তামিলনাড়ুতে নির্বাচন হবে বিধানসভার ২৩৪টি আসনে। এখানে মূল লড়াই হবে ক্ষমতাসীন দল জয়ললিতার এআইএডিএমকের সঙ্গে প্রধান বিরোধী দল এম করুণানিধির ডিএমকের। প্রতিদ্বন্দ্বিতায় থাকবে জাতীয়ভিত্তিক দল কংগ্রেস, বিজেপিও। কেরালায় ১৪০টি আসনে লড়াই হবে শাসক জোট কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ বা সংযুক্ত গণতান্ত্রিক ফ্রন্টের সঙ্গে বাম সিপিএমের নেতৃত্বাধীন এলডিএফ বা বাম গণতান্ত্রিক ফ্রন্টের। এখানে প্রতিদ্বন্দ্বিতায় আরও থাকবে বিজেপি। পদুচেরির ৩০টি আসনে মূলত স্থানীয় রাজনৈতিক দলের মধ্যে লড়াই হবে।