তিনজনের ১০ বছর করে জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার চাঞ্চল্যকর পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে দোষী তিন আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
কলকাতার নগর ও দায়রা জজ আদালতের বিচারক চিরঞ্জীব ভট্টাচার্য গতকাল শুক্রবার এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রুমান খান, নাসের খান ও সুমিত বাজাজ। এর আগে বৃহস্পতিবার একই আদালতে এই তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়।
তবে মূল আসামি কাদের খান এবং তাঁর সহযোগী মহম্মদ আলি এখনো পলাতক।
২০১২ সালের ৫ ফেব্রুয়ারি রাতে পার্ক স্ট্রিটে গণধর্ষণের শিকার হন সুজেট জর্ডন নামের এক তরুণী। সুজেট পাঁচ যুবকের বিরুদ্ধে মামলা করার পর এই ঘটনা ঘিরে তোলপাড় হয়।
তবে দোষী ব্যক্তিদের শাস্তি দেখে যেতে পারেননি সুজেট জর্ডন। এ বছরের শুরুর দিকে তিনি মস্তিষ্কে প্রদাহজনিত কারণে মারা যান।