তিস্তা ও তাঁর স্বামীকে গ্রেপ্তার না করতে আদালতের নির্দেশ

ভারতের গুজরাটের নাগরিক অধিকারকর্মী তিস্তা সিতালবাদ ও তাঁর স্বামী জাভেদ আনন্দকে গ্রেপ্তার না করতে গুজরাটের পুলিশকে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। গতকাল বৃহস্পতিবার আদালত এই নির্দেশ দেন। গুজরাটের দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য তোলা অর্থ তছরুপের অভিযোগ উঠেছে তিস্তার বিরুদ্ধে। খবর এনডিটিভির।
গুজরাটের রাজ্য সরকার তিস্তা-আনন্দ দম্পতির গ্রেপ্তার চায়। সরকার বলছে, রাজ্যে ২০০২ সালের দাঙ্গায় আহমেদাবাদের গুলবার্গ সোসাইটির নিহত ব্যক্তিদের স্মরণে জাদুঘর তৈরির অর্থ আত্মসাতের তদন্তের জন্য তাঁদের গ্রেপ্তার করতে হবে। ওই দাঙ্গায় গুলবার্গ সোসাইটি এলাকার ৬০ জন নিহত হন।
গুজরাট দাঙ্গার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষে কাজ করতে গিয়ে তিস্তা অনেক দিন ধরেই রাজ্য সরকারের বিরুদ্ধে লড়ছেন। তিনি দাবি করেছেন, তহবিল তছরুপের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গুলবার্গ সোসাইটির ১২ জন অধিবাসী মামলাটি করেন।
সর্বোচ্চ আদালত তিস্তা-আনন্দ দম্পতিকে গ্রেপ্তারের বিরোধিতা করে বলেছেন, ‘স্বাধীনতার মূল্য আকাশের তারার সঙ্গেও তুলনীয় নয়। আবেদনকারী কে, সেটি বিচার্য বিষয় নয়। প্রশ্ন হচ্ছে, স্বাধীনতাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিয়ে বা নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা যাবে কি না।’
পুলিশ বলছে, তিস্তা তাঁর এনজিওর মাধ্যমে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত পৌনে ১০ কোটি রুপি তোলেন। তিনি প্রায় পৌনে চার কোটি টাকা কাপড়চোপড়, জুতা এবং বিদেশ ভ্রমণে ব্যয় করেন।