তিস্তা চুক্তি না হলে দুই দেশেরই ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবন কুমার চামলিং
পবন কুমার চামলিং

সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং মনে করেন, আর সময় নষ্ট না করে তিস্তা চুক্তি করে ফেলা দরকার। না হলে বাংলাদেশ ও ভারত দুই দেশেরই ক্ষতি। আর চুক্তিটা হয়ে গেলে দুই দেশেরই লাভ।
গত রোববার সন্ধ্যায় দিল্লিতে সিকিম হাউসে বসে প্রথম আলোকে দেওয়া একান্ত এক সাক্ষাত্কারে এ কথা বলেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ছোট পাহাড়ি রাজ্য সিকিমের পরপর পাঁচ দফার মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় টিকে গেলে জ্যোতি বসুকে হারিয়ে দেশের কোনো রাজ্যে সবচেয়ে বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড গড়বেন তিনি।
তিস্তা চুক্তি সম্পন্ন হলে কেন লাভ ও না হলে কেন ক্ষতি, ৬৬ বছর বয়সী এই মুখ্যমন্ত্রী তা-ও ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘গোটা পৃথিবী আজ সহযোগিতার ডানায় ভর দিয়ে কোথায় এগিয়ে চলেছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দিন দিন ভালো হচ্ছে। দুটো দেশ ক্রমেই কাছাকাছি আসছে। নির্ভরশীল হচ্ছে। তিস্তা বাংলাদেশের কাছে একটা স্পর্শকাতর বিষয়। এর মীমাংসা হয়ে গেলে এই সম্পর্ক আরও ভালো হবে। তাতে দুই দেশেরই লাভ। দুই দেশ নতুন উদ্যমে আরও এগোতে পারবে।’

কিন্তু চুক্তি না হলে? চামলিং মনে করেন, ‘তাতে দুই দেশেরই ক্ষতি। বাংলাদেশের অভ্যন্তরে ভারতবিরোধী যেসব শক্তি রয়েছে, তারা উত্সাহ পাবে। পশ্চিমের মতো পূর্ব প্রান্তেও অস্থিরতা নিয়ে ভারতের চলা মুশকিল। বাংলাদেশের অগ্রগতিও থমকে যাবে। ক্ষতি দুই দেশেরই।’

এক সপ্তাহের জন্য চামলিং দিল্লি এসেছেন গত শনিবার। দিল্লি থাকাকালে রাজ্যের বিভিন্ন বকেয়া বিষয় নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সেই আলোচনায় তিস্তার প্রসঙ্গ তুলবেন কি না জানতে চাওয়া হলে চামলিং বলেন, নিজে থেকে এই প্রসঙ্গ তিনি তুলবেন না। কেন তুলবেন না—চামলিংয়ের কথায়, ‘মনমোহন সিং বা নরেন্দ্র মোদি দুই প্রধানমন্ত্রীর কেউই তিস্তা চুক্তি নিয়ে আমার সঙ্গে একবারের জন্যও আলোচনা করেননি। অথচ আমার রাজ্য থেকেই নদীটার উত্পত্তি! চুক্তি নিয়ে আমাদেরও যে কিছু বলার থাকতে পারে অথবা আছে, তা জানার কোনো প্রয়োজনীয়তাই কেউ কখনো অনুভব করেননি! আমি একটা ছোট্ট রাজ্যের মুখ্যমন্ত্রী বলেই হয়তো কেউ গা করেননি। তাই নিজে থেকে প্রসঙ্গটা তুলব না।’

কিন্তু যদি প্রধানমন্ত্রী বিষয়টি তোলেন? বিশেষত, আগামী ডিসেম্বরে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের তোড়জোড় চলছে? তা হলে চামলিং ওই কথাই নরেন্দ্র মোদিকে বলবেন, ‘সময় নষ্ট না করে চুক্তিটা সেরে ফেলা দরকার। বাংলাদেশের দাবি ন্যায্য হলে ফেলে রাখবেন না।’

তিস্তার ওপর সিকিমে একাধিক বিদ্যুৎ প্রকল্প তৈরির ফলে নদীর প্রবাহ কমে গেছে বলে কোনো কোনো মহল থেকে অভিযোগ উঠেছে। সেই বিষয়ে প্রশ্ন করা হলে চামলিং বলেন, ‘তিস্তার ওপর মাত্র দুটি জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। তিস্তা স্টেজ-৫ ও ৩। ৫১০ মেগাওয়াটের স্টেজ-৫ তৈরি করেছে ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার করপোরেশন (এনএইচপিসি), স্টেজ-৩ তৈরি হচ্ছে। এটা সবচেয়ে বড় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্ট (পিপিপি)। এ থেকে বিদ্যুৎ পাওয়া যাবে ১২০০ মেগাওয়াট। ৫০০ মেগাওয়াটের স্টেজ-৬-এর কাজ এখনো অনেক বাকি। এগুলোর প্রতিটিই রান অব দ্য রিভার প্রকল্প। টানেল কেটে জল টেনে টারবাইনে ফেলে বিদ্যুৎ উত্পন্ন হচ্ছে। সেই জল আবার নদীতেই গিয়ে পড়ছে।’

চামলিং বলেন, বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে (বিবিআইএন) মোটর চলাচল চুক্তি রূপায়িত হলে সিকিমের গুরুত্ব প্রচুর বেড়ে যাবে। সিকিমের পর্যটনশিল্প তা থেকে আরও উপকৃত হবে। বাংলাদেশ যদি সিকিমে জলবিদ্যুৎ প্রকল্পে অংশ নিতে আগ্রহ দেখায়, তাহলে বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবেন বলে জানান। তাঁর কথায়, ‘বাংলাদেশ ভারতের প্রকৃত মিত্র। এই বন্ধুতা ধরে রাখার দায়িত্ব দুই দেশেরই।’