তিস্তা শেতলভাদের জামিন আবেদন খারিজ
মুম্বাই হাইকোর্ট থেকে গতকাল শুক্রবার আগাম জামিন পেয়েছেন ভারতীয় মানবাধিকারকর্মী ও সাংবাদিক তিস্তা শেতলভাদ ও তাঁর স্বামী জাভেদ আনন্দ। তবে এর আগে গতকালই তাঁদের আগাম জামিনের আবেদন খারিজ করে দেন কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) একটি আদালত। খবর টাইমস অব ইন্ডিয়া ও এএফপির।
তিস্তা-জাভেদ দম্পতির বিরুদ্ধে বিদেশি অনুদানবিষয়ক আইন (এফসিআরএ) অমান্য করে নিজেদের এনজিওর কাজে যুক্তরাষ্ট্রভিত্তিক ফোর্ড ফাউন্ডেশনের অর্থ ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
সিবিআইয়ের কৌঁসুলি তিস্তা-জাভেদ দম্পতির জামিনের আবেদনের বিরোধিতা করে বলেছিলেন, তাঁরা গুরুতর অপরাধ করেছেন। বেআইনিভাবে বিদেশি অনুদানের অর্থ ব্যবহার করায় অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
গুজরাটের ১৩ বছর আগের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকার কড়া সমালোচক হিসেবে তিস্তা শেতলভাদের পরিচিতি রয়েছে। এ কারণেই ‘প্রতিহিংসা’ হিসেবে অবৈধ অনুদানের অর্থ ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে বলে ওই সমাজকর্মী দাবি করেন।