তিস্তায় সেতু হচ্ছে
পশ্চিমবঙ্গের কোচবিহারে তিস্তা নদীর ওপর একটি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই সেতুটি যুক্ত করবে হলদিবাড়ি ও মেখলিগঞ্জকে।
৫১টি সাবেক বাংলাদেশি ছিটমহল এবং বাংলাদেশের অভ্যন্তরে থাকা বিলুপ্ত ১১১টি ছিটমহলের যেসব বাসিন্দা ভারতে গেছেন বা ভারতে অবস্থান করছেন, তাঁদের জন্য উন্নয়ন প্রকল্প হিসেবে এটি নির্মিত হচ্ছে।
সেতু ছাড়াও ছিটমহল এলাকার দিনহাটা, মাথাভাঙ্গা, মেখলিগঞ্জ ও হলদিবাড়িতে তৈরি হচ্ছে আধুনিক বাস টার্মিনাল। ওই এলাকার হাসপাতালগুলো আধুনিক হবে। কেন্দ্রীয় সরকার এই খাতে বরাদ্দ করেছে ৪৬১ কোটি রুপি।
ছিটমহল বিনিময়ের আগে কেন্দ্রীয় সরকার ছিটমহলবাসীর পুনর্বাসন ও উন্নয়নের জন্য ১ হাজার ৯ কোটি রুপির একটি প্যাকেজ ঘোষণা করে। সেই উন্নয়ন প্রকল্পের কাজ চলছে।
এ ছাড়া ছিটমহলবাসীর আবাসগৃহ নির্মাণ, গ্রামে বিদ্যুতায়ন, সেচব্যবস্থার উন্নয়ন, সড়ক নির্মাণ, হাসপাতালের উন্নয়ন এই প্যাকেজের অন্তর্ভুক্ত রয়েছে।
গত বছরের ৩১ জুলাই ভারত ও বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহল বিনিময় হয়।