তৃণমূল ও বিজেপিতে ভাগ হয়ে গেল মতুয়া সম্প্রদায়

এবারের লোকসভা নির্বাচনকে ঘিরে কার্যত দুভাগ হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের মতুয়া সম্প্রদায়। গঠিত হয়েছে দুটি কমিটি। এর একটির নেতৃত্ব দিচ্ছেন মমতাবালা ঠাকুর আর অন্যটির নেতৃত্বে রয়েছেন তাঁর ভাতিজা শান্তনু ঠাকুর। শান্তনু এবার প্রার্থী হয়েছেন বিজেপির টিকিটে। দুপক্ষের দুই প্রার্থীই মাঠে নেমেছেন। এক পক্ষে তৃণমূল এবং অন্য পক্ষে বিজেপি।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে মতুয়া সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মতুয়া সম্প্রদায়ের ভারতের অংশের প্রধান আশ্রম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার ঠাকুরনগরে। তাঁদের আদি আশ্রম বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওড়াকান্দিতে। মতুয়া সংঘের গুরু প্রমথরঞ্জন ঠাকুর গড়েন মতুয়া আশ্রম। এটিই এখন ভারতের প্রধান আশ্রম। মতুয়াগুরু প্রমথরঞ্জন ঠাকুরের মৃত্যুর পর এই আশ্রমের গুরুমাতা হন তাঁরই স্ত্রী বীণাপাণি দেবী। বীণাপাণি দেবীর দুই ছেলে কপিল কৃষ্ণ ঠাকুর ও মঞ্জুলকৃষ্ণ ঠাকুর।
২০১৪ সালে মমতা কপিল কৃষ্ণ ঠাকুরকে এই আশ্রম এলাকার বনগাঁ লোকসভা কেন্দ্রে প্রার্থী করেন। তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি পেয়েছিলেন ৫ লাখ ৫১ হাজার ২১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের দেবাশীষ দাস পেয়েছিলেন ৪ লাখ ৪ হাজার ৬১২ ভোট। বিজেপি প্রার্থী কে ডি বিশ্বাস পেয়েছিলেন ২ লাখ ৪৪ হাজার ৭৮৩ ভোট। নির্বাচনের কিছুদিন পর কপিল কৃষ্ণ ঠাকুর প্রয়াত হলে উপনির্বাচনে প্রার্থী হন তারঁই স্ত্রী মমতাবালা ঠাকুর। তিনি এখনো সাংসদ। এবার নির্বাচনে তৃণমূল তাঁকেই প্রার্থী করেছে।
পশ্চিমবঙ্গের ২৯৪টি রাজ্য বিধানসভার আসনের ৫৭টি আসনের এখনো নির্ণায়ক শক্তি মতুয়ারা। পাশাপাশি লোকসভার ৪২টি আসনের মধ্যে ১০টি আসনেরও নির্ণায়ক শক্তি এই মতুয়ারা।
মমতাবালা বলেছেন, তিনি বিপুল ভোটে এ আসনে ফের জিতবেন। মতুয়ারা এখনো তাঁর প্রতি আস্থা রেখেছেন। শান্তনু বড় লোভী। শান্তনু এত দিন মতুয়াভক্তদের মিথ্যা কথা বলেছেন। বলেছেন, তিনি নির্বাচন করবেন না। কিন্তু নির্বাচনে নেমেছেন। এবার এর জবাব মতুয়াভক্তরা দেবেন। কোনো মতুয়াভক্ত আর শান্তনুর সঙ্গে থাকবে না।
শান্তনু ঠাকুর বারবার বলেছিলেন, তিনি ঠাকুরবাড়িকে রাজনীতির আঁচড় থেকে মুক্ত করবেন। ঠাকুরবাড়ি হবে মতুয়াদের ধর্মীয় আশ্রমই। এখানে রাজনীতির অনুপ্রবেশ থাকবে না। থাকবে আশ্রম ধর্মীয় ভাবাবেগে। কিন্তু সবকিছু উল্টে শেষ পর্যন্ত বিজেপির ডাকে সাড়া দেন শান্তনু ঠাকুর। প্রার্থী হন বনগাঁ আসনে।
২০১৫ সালে শান্তনুর বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুর রাজ্যের মন্ত্রিত্ব ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এ কারণে এবার বনগাঁ আসনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে মমতাবালা ঠাকুরকে।