তৃণমূল কংগ্রেস থেকে মুকুল রায় বাদ
ভারতের পশ্চিমবঙ্গে আজ শনিবার তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে ২১ সদস্যের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এতে দলটির সাধারণ সম্পাদক মুকুল রায়ের নাম নেই।
পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক পদ থেকেও তাঁকে অপসারণ করা হয়েছে। বর্তমানে দলটির সাধারণ সম্পাদক তৃণমূলের সাংসদ সুব্রত বকশী।
এর আগে গত বৃহস্পতিবার মুকুল রায়কে রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের সংসদীয় নেতার পদ থেকে অপসারণ করা হয়। রাজ্যসভায় এখন তৃণমূলের ১১ জন ও লোকসভায় ৩৪ জন সাংসদ রয়েছেন।
সারদা অর্থ কেলেঙ্কারি নিয়ে বেশ কিছুদিন ধরে মুকুল রায়ের সঙ্গে দলটির প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধ চলছিল। রাজনৈতিক মহলে জল্পনা ছিল, মুকুল রায়কে অপসারণ করতে পারেন মমতা। আজ সেই জল্পনার অবসান হলো।
মুকুল রায় ছিলেন তৃণমূল কংগ্রেস গঠনের মূল কান্ডারি। মুকুল রায়ের দাবি, ১৯৯৭ সালে তিনি তৃণমূল কংগ্রেস গঠনের উদ্যোগ নেন। ওই বছরের ১৭ ডিসেম্বর তিনি নতুন দল গঠনের আবেদন করেন ও নিজে সাধারণ সম্পাদক হন। সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় দলটির সদস্য হননি।