তৃণমূল কংগ্রেসকে চাপে রাখতে মোদির নতুন কৌশল

ভারতের লোকসভা নির্বাচন আগামী বছরের এপ্রিল-মে মাসে। নির্বাচনকে সামনে রেখে এবার পশ্চিমবঙ্গের তিনটি চাঞ্চল্যকর আর্থিক দুর্নীতি মামলার তদন্তে গতি বাড়িয়েছে ভারতের দুই কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই ও ইডি (এনফোর্সমেন্ট ডাইরেক্টটরেট)। দুটি সংস্থা পৃথকভাবে এই আর্থিক দুর্নীতির তদন্ত করছে। এই দুটি সংস্থাই কেন্দ্রীয় সরকারের অধীন।
রোজভ্যালি আর্থিক দুর্নীতি মামলায় আবার জেরা করার জন্য দুই সাংসদ তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কলকাতা ইডি অফিসে হাজির হওয়ার নোটিশ পাঠানো হয়েছে। কাল বৃহস্পতিবার সাংসদ তাপস পালকে হাজির হতে হবে। আগামী শুক্রবার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হবে।
বিজেপি–শাসিত কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজনৈতিক বিবাদ রয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের। মোদি সরকারকে আগামী বছরের নির্বাচনের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করার শপথ নিয়ে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘায়েল করতে বিজেপিও মাঠে নেমেছে। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূলের ভাগে ভাগ বসাতে চায় বিজেপি। পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে বিজেপির রয়েছে মাত্র দুটি আসন। তাই রাজনীতির মাঠে তৃণমূলকে ঘায়েল করতে আবার তদন্তের গতি বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।
রোজভ্যালি হোটেল, রোজভ্যালি এন্টারটেইনমেন্ট এবং রোজভ্যালি রিয়েল এস্টেট মামলায় দুর্নীতির অভিযোগ উঠেছিল দুই তৃণমূল সাংসদ তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই মামলায় রোজভ্যালির ১৭ হাজার ৫২০ কোটি রুপি আত্মসাতের অভিযোগ রয়েছে। সংস্থার প্রধান গৌতম কুণ্ডু গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তাপস ও সুদীপ গ্রেপ্তার হলেও তাঁরা শর্তাধীন জামিনে মুক্ত রয়েছেন।
জামিনের আগে ১৩ মাস কারাবন্দী ছিলেন পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর আসনের তৃণমূল সাংসদ তাপস পাল। গত জানুয়ারি মাসে ওডিশা হাইকোর্ট তাপস পালকে জামিনে মুক্তি দেন। রোজভ্যালি থেকে বিভিন্ন আর্থিক সুবিধা গ্রহণ এবং অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৬ সালের ৩০ ডিসেম্বর কলকাতায় সিবিআইর হাতে গ্রেপ্তার হন তিনি। এরপরই তাঁকে পাঠিয়ে দেওয়া হয় ওডিশার রাজধানী ভুবনেশ্বরের কারাগারে। সেখানে গত জানুয়ারি মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওডিশার হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেন। তবে এক কোটি রুপি মুচলেকা দিয়ে জামিন পান তিনি। পাশাপাশি আদালত তাঁর পাসপোর্ট জমা রাখেন।
জামিনে মুক্তি পাওয়ার পর তাপস পাল ২০১৪ সালে করা একটি মন্তব্যের জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। ২০১৪ সালের জুন মাসে নদীয়ার চৌমাহা গ্রামে এক দলীয় সমাবেশে দাঁড়িয়ে তাপস পাল বলেছিলেন, ‘আমি চন্দননগরের ছেলে। অনেক রংবাজি করেছি। আমি প্রচুর মাস্তানি করেছি। আমি পকেটে মাল নিয়ে ঘুরি। আমি নিজে রিভলবার দিয়ে গুলি করে চলে যাব। সিপিএমকে গুলি করে মারব। আমার মা, বোন, বাবা, বাচ্চা কারও গায়ে যদি হাত পড়ে, আমি ছেড়ে কথা বলব না। বাড়ি বাড়ি ঢুকে ছেলে পাঠিয়ে রেপ করে দেব। তৃণমূলের কারও গায়ে যদি কোনো সিপিএম হাত দেয়, তবে তাদের গোষ্ঠী শেষ করে দেব। বাড়িঘর জ্বালিয়ে দেব।’ এত দিন পর ওই মন্তব্য ভুল ছিল স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চান তাপস পাল।
তবে এত কিছুর পর এখন আর তিনি দলের সুনজরে নেই। দলের কোনো কাজে এখন আর দায়িত্ব পাচ্ছেন না তিনি। যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায় শর্তাধীন জামিনে মুক্তি পেয়ে তৃণমূলের আশীর্বাদ নিয়ে দলের কাজে ব্রতী রয়েছেন।
তাপস পাল রোজভ্যালি সংস্থার চলচ্চিত্র বিভাগের পরিচালক ছিলেন। এই সংস্থা থেকে তাপস পাল ও তাঁর পরিবারের সদস্যরা প্রচুর আর্থিক সুবিধা নিয়েছেন। অভিযোগ ওঠার পর সিবিআই তাপস পালকে জেরা করে, তিনি অভিযোগ অস্বীকার করেন। তবে তাপস পালের দক্ষিণ কলকাতার বাসভবনে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে সিবিআই। ওই সব নথির মাধ্যমে তাঁর জড়িত থাকার বিষয়ে প্রমাণ পান গোয়েন্দারা।