তৃণমূল কংগ্রেসের বিড়ম্বনা বাড়ল
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতার ঘুষ-কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার অভিযোগে দলটির বিড়ম্বনা বাড়ল। লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন গতকাল বুধবার ঘুষ-কেলেঙ্কারির অভিযোগটি সভার ‘এথিকস’ কমিটির কাছে বিবেচনার জন্য পাঠিয়ে দিয়েছেন।
১৫ সদস্যের এই কমিটির চেয়ারম্যান প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি।
তৃণমূল কংগ্রেসের প্রথম সারির একাধিক সাংসদ ও বিধায়ক একটি বেসরকারি সংস্থাকে ব্যবসায়িক সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাসের বিনিময়ে বিপুল অর্থ নিচ্ছেন, নারদ নিউজডটকম এই খবর গত সোমবার প্রচার করে। এ নিয়ে দুই দিন ধরে সংসদে তুমুল বিতণ্ডা হয়। অবশেষে স্পিকার গতকাল প্রশ্নোত্তর পর্বের পরেই জানিয়ে দেন, গোটা বিষয়টি তদন্ত করে দেখার জন্য এথিকস কমিটির কাছে পাঠানো হয়েছে।
এথিকস কমিটি গুরুতর অভিযোগের ভিত্তিতে সভার যেকোনো সদস্যের সদস্যপদ খারিজের সুপারিশ করতে পারে। ২০০৫ সালে ঠিক এ ধরনের অভিযোগের ভিত্তিতে এথিকস কমিটি লোকসভার ১০ ও রাজ্যসভার একজন সদস্যের সদস্যপদ খারিজ করে দেওয়ার সুপারিশ করেছিল। সেই সুপারিশ গ্রাহ্যও হয়েছিল। সেই সময়েও গোপন ক্যামেরায় ধরা পড়েছিল, অভিযুক্ত সাংসদেরা টাকার বিনিময়ে সংশ্লিষ্ট ভুয়া কোম্পানির ব্যবসায়িক স্বার্থ দেখার প্রতিশ্রুতি দিচ্ছেন। এবারের অভিযোগ ও সেবারের অভিযোগের চরিত্র হুবহু এক।
নারদ নিউজডটকমের এই ‘স্টিং অপারেশন’ নিয়ে দুই দিন ধরে সংসদ ও পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি উত্তাল। গত মঙ্গলবার এ নিয়ে সংসদের উভয় কক্ষে তুমুল বাগ্বিতণ্ডা চলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেস, বাম ও বিজেপি সদস্যদের। গতকালও সেই একই দৃশ্য দেখা যায়। তৃণমূল কংগ্রেসের লোকসভা সদস্য সৌগত রায় (ভিডিওতে দেখা যায় তিনিও টাকা নিচ্ছেন) স্পিকারের উদ্দেশে বলেন, একটা ভুঁইফোড় সংবাদ সংস্থার জালিয়াতি ছবির ভিত্তিতে একতরফাভাবে এই সিদ্ধান্ত নেওয়া যায় না। এমন হলে যে কেউ যা কিছু দেখিয়ে সদস্যদের মানহানি করবে এবং তা তদন্তের নির্দেশ দেওয়া হবে।