তৃণমূল নিয়ে আবারও মুকুল রায়ের বেফাঁস মন্তব্য
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায় একের পর এক বেফাঁস মন্তব্য করে আলোচনায় থাকছেন।
গত শুক্রবার এক সংবাদ সম্মলনে মুকুল রায় বলেছিলেন, ‘আমি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে বলতে পারি, তৃণমূল পর্যুদস্ত হবে। কৃষ্ণনগরে বিজেপি স্বমহিমায় ফিরে আসবে।’ এক সপ্তাহ যেতে না যেতেই আজ শুক্রবার কলকাতায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আবার বলেন, ‘কৃষ্ণনগরে আবার নির্বাচন হলে আমিই জিতব। তবে তৃণমূলের টিকিটে নয়, বিজেপির টিকিটে লড়লেই জিতব।’
রাজ্য বিধানসভায় পিএসি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। বিজেপির প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়ে বৈঠকে অংশ নেন মুকুল রায়। তিনি এখনো নদীয়া জেলার কৃষ্ণনগর উত্তর আসনের বিজেপির নির্বাচিত বিধায়ক। তৃণমূলে যোগ দিলেও বিজেপির বিধায়কের পদ ছাড়েননি তিনি।
গত শুক্রবারের মন্তব্যের ভিডিও রাজ্যজুড়ে ভাইরাল হয়ে যায়। মুকুল রায়ের এই মন্তব্যে নাখোশ হন তৃণমূল নেতৃত্ব। সেই কারণে গত সোমবার ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে মমতার সঙ্গী হওয়ার সুযোগ থেকে বাদ পড়েন তিনি।
১৯৯৮ সালে ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার অন্যতম কারিগর ছিলেন মুকুল রায়। মমতা-মুকুলের হাত ধরেই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা পায়। ধীরে ধীরে বামফ্রন্টের তুলনায় রাজ্যে তৃণমূলের জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। ২০১১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে, মুখ্যমন্ত্রী হন মমতা।
সরকার গঠনের পর মমতার সঙ্গে বনিবনা না হওয়ায় ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর তৃণমূল ছাড়েন মুকুল রায়। ওই বছরের ৩ নভেম্বর বিজেপিতে যোগ দিয়ে বিজেপির কেন্দ্রীয় কমিটিতে সহসভাপতি পদ পান তিনি। প্রায় তিন বছর পরে বিজেপি ছেড়ে আবারও পুরোনো দল তৃণমূলে ফিরে আসেন এ বছরের ১১ জুন।
তৃণমূলে যোগ দেওয়ার আগে বিজেপির হয়ে বিধানসভা নির্বাচনে নদীয়ার কৃষ্ণনগর উত্তর আসনে জয়ী হন তিনি। এটাই ছিল মুকুল রায়ের জীবনে নির্বাচনে অংশ নিয়ে প্রথম জয়। এদিকে সম্পর্ক ছিন্ন করার পরও বিজেপির বিধায়কের পদ না ছাড়ায় তাঁকে অপসারণের দাবি উঠেছে বিজেপির পক্ষ থেকে।