তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে ধর্ষণ-হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে তফসিলি সম্প্রদায়ের এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, জলপাইগুড়ির দুপগুড়িতে গত সোমবার গণধর্ষণ ও হত্যার ঘটনাটি ঘটে। স্কুলছাত্রীর লাশটি উদ্ধার করা হয় মঙ্গলবার।
প্রতিবেদনে জানানো হয়, তৃণমূলের কাউন্সিলর নমিতা রায়ের ডাকা ‘ক্যাঙ্গারু’ আদালতের দ্বারা পরিবারের সদস্যদের অবমাননার প্রতিবাদ করার পরই ওই স্কুলছাত্রী নিখোঁজ হয়। পরদিন সকালে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে রেললাইনের পাশে স্কুলছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়। লাশের মাথায় বড় ধরনের জখমের চিহ্ন রয়েছে।
স্কুলছাত্রীকে গণধর্ষণ ও হত্যার জন্য তৃণমূলের সমর্থকদের দায়ী করেছে ভুক্তভোগীর পরিবার। এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে। তাঁদের মধ্যে তৃণমূলের কাউন্সিলর নমিতা রায় ও তাঁর স্বামী চন্দ্রকান্ত রায়ের নাম রয়েছে। তৃণমূল-সমর্থক অনিল বর্মণ ও তাঁর কিশোর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, তৃণমূলের সমর্থক অনিল বর্মণের সঙ্গে ওই স্কুলছাত্রীর পরিবারের পুরোনো বিরোধ ছিল। বিরোধ মেটাতে অনিলের অনুরোধে কাউন্সিলর নমিতা সালিস ডাকেন। সালিসে স্কুলছাত্রীর বাবাকে ৪০ হাজার রুপি জরিমানা করা হয়। একই সঙ্গে এক মাসের মধ্যে পরিবার নিয়ে গ্রাম ত্যাগ না করলে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরিবারটির সদস্যরা সেখানে নির্যাতনেরও শিকার হন।
এর প্রতিবাদ করে ওই স্কুলছাত্রী। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর সঙ্গে অবমাননাকর আচরণ করেন নমিতা। ওই দিনই মেয়েটি নিখোঁজ হয় ও তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনার পর এলাকায় ক্ষোভ বিরাজ করছে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঘটনার সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা নেই।